News update
  • গুলশানে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু, ৯ লাখ টাকায় আসামিদের সঙ্গে আপোস     |     
  • টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের     |     
  • জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড     |     
  • যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের     |     
বঙ্গলোক ডেস্ক অর্থ ও বাণিজ্য 2026-09-24, 12:47pm

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

আগস্টে রপ্তানি ৬৪৩ মিলিয়ন ডলার, বাড়ছে বাজার বহুমুখীকরণের সম্ভাবনা

79879-604f6c6777d3485fd6073c202efed7841790232460.jpg


বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অবদান ক্রমেই বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব দেশে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার, যা এক মাসে এ খাতে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি। একই সঙ্গে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির মাসিক গড়ও গত অর্থবছরের তুলনায় বেড়েছে।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানির মাসিক গড় ছিল ৫৭৪ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সেই গড়


বেড়ে হয়েছে ৬১১ দশমিক ৬০ মিলিয়ন ডলার।


শুধু রপ্তানির পরিমাণ নয়, মোট তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশও বেড়েছে। গত অর্থবছরে মোট পোশাক রপ্তানির ১৫ দশমিক ৯৩ শতাংশ এসেছিল এসব বাজার থেকে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩২ শতাংশে।জাপান শীর্ষে, এগিয়ে অস্ট্রেলিয়া ও ভারত


আগস্টে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ছিল জাপান। দেশটিতে ১১৮ দশমিক ৬৭ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।


এ ছাড়া অস্ট্রেলিয়ায় ৭৫ দশমিক ১৪ মিলিয়ন, ভারতে ৭২ দশমিক ৭৮ মিলিয়ন, তুরস্কে ৫৯ দশমিক ৫৭ মিলিয়ন এবং কোরিয়া প্রজাতন্ত্রে ৪৫ দশমিক ১৫ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।
মেক্সিকোতে রপ্তানি হয়েছে ৩২ দশমিক ৯৭ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাতে ২৮ দশমিক ৬২ মিলিয়ন, ব্রাজিলে ২৪ দশমিক ২৪ মিলিয়ন, চীনে ২০ দশমিক ৭০ মিলিয়ন এবং সৌদি আরবে ১৯ দশমিক২৫ মিলিয়ন ডলারের পোশাক।


একই সময়ে মালয়েশিয়ায় ১৫ দশমিক ৯৮ মিলিয়ন, চিলিতে ১৩ দশমিক ১৫ মিলিয়ন, দক্ষিণ আফ্রিকায় ১৩ দশমিক ১০ মিলিয়ন, রাশিয়ায় ৯ দশমিক ৭৯ মিলিয়ন এবং নিউজিল্যান্ডে ৮ দশমিক ৬১ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। অন্যান্য অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে আরও ৮৫ দশমিক ২১ মিলিয়ন ডলারের তৈরি পোশাক।


প্রচলিত বাজারের বাইরে বড় সুযোগ


বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বড় সম্ভাবনা রয়েছে। এতদিন এসব বাজারে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। এখন সম্ভাবনাময় বাজারগুলোকে গুরুত্ব দিয়ে এই সুযোগ কাজে লাগানোর সময় এসেছে।


তিনি বলেন, অপ্রচলিত বাজার মানেই শুধু দামি পোশাকের বাজার নয়। এসব দেশে বিভিন্ন ধরনের তৈরি পোশাকের বড় চাহিদা রয়েছে। সব মিলিয়ে এসব দেশে শত শত বিলিয়ন ডলারের পোশাকের বাজার রয়েছে। তাই প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে অপ্রচলিত বাজারে কৌশলগত গুরুত্ব দেওয়া প্রয়োজন।


মোট রপ্তানিতেও বড় অবদান


ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টে বাংলাদেশ থেকে মোট ৩ হাজার ৬০৮ দশমিক ৮৯ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।


অপ্রচলিত বাজারে রপ্তানি বৃদ্ধির এই ধারা বাংলাদেশের পোশাকশিল্পে বাজার বহুমুখীকরণের সুযোগকে আরও স্পষ্ট করছে। প্রচলিত বড় বাজারগুলোর পাশাপাশি জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।


বিশ্ববাজারে প্রতিযোগিতা ও ক্রেতাদের চাহিদার পরিবর্তনের মধ্যে নতুন বাজারে প্রবেশ বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগস্টের রেকর্ড রপ্তানি এবং চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অপ্রচলিত বাজারের অংশ বৃদ্ধির পরিসংখ্যান সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে।