News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-10-12, 11:41am

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

98498-b1f05e95a4c55c9ad1dd8991fa539bde1791783692.jpg

রিয়াদে ১৭তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ফাঁকে সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: মন্ত্রণালয়


দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, দীর্ঘমেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদে ১৭তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে এসব বিষয়ে আলোচনা হয়।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ফাঁকে দেশটির বিদ্যুৎবিষয়ক জ্বালানিমন্ত্রীর সহকারী নাসের বিন হাদি আল-কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী এবং কাতার এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া সৌদি আরবভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে. সারহানের সঙ্গেও বৈঠক করেন তিনি।

সোমবার এ বিষয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

সৌদি আরবের জ্বালানিবিষয়ক কর্মকর্তার সঙ্গে বৈঠকে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে তিনি হামলার নিন্দা জানান।

এ সময় সৌদি আরবের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর কাছে যে শোকবার্তা পাঠিয়েছেন, সে বিষয়েও সৌদি কর্মকর্তাকে অবহিত করেন তিনি।

হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি আরবের সহযোগিতাও চান অনিন্দ্য ইসলাম অমিত।

জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোচনায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরবের সহায়তা চান তিনি। জবাবে নাসের আল-কাহতানি বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। সৌদি সরকারের কাছে বাংলাদেশের বিশেষ গুরুত্ব রয়েছে জানিয়ে তিনি জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে চলমান সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিনিধিদল বিনিময় এবং বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সৌদি আরবের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ এবং সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।

অন্যদিকে, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা, বিদ্যমান এলএনজি আমদানি চুক্তি এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অনিন্দ্য ইসলাম অমিত।

কাতার এনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে এলএনজি আমদানির সুযোগ, সরবরাহের উৎস ও রুট বহুমুখী করার বিষয়েও দুই পক্ষ আলোচনা করে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

এদিকে, এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে. সারহানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ খাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।