News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-10-19, 11:49pm

আলেমদের সঙ্গে সাক্ষাৎ, ইসলামি মূল্যবোধ রক্ষার আশ্বাস রাষ্ট্রপতির

presedent-323c50d1257bd7581cc9b8a3277e734a1792432146.jpg


বিশিষ্ট আলেম ও ইসলামি ব্যক্তিত্বদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ইসলামি মূল্যবোধ ও শরিয়াহবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়ে তিনি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার ও মাওলানা মীর ইদরীস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতীব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল এবং খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি অতীতের ফ্যাসিবাদী শাসনামলে আলেম-ওলামাদের ওপর নির্যাতন এবং কারাবন্দি জীবনের দুর্বিষহ অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ দেশ গঠনের যে সুযোগ দিয়েছেন, তা কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘ফ্যাসিবাদী দুঃশাসন আর যেন ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আলেম সমাজের সুসম্পর্কের কথা উল্লেখ করেন। তার ভাষ্য, ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা থেকে জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেন। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অন্তর্ভুক্ত করেন।

নিজের বর্তমান অবস্থান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তিনি এখন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি। তবে ইসলামি মূল্যবোধ ও শরিয়াহর প্রতি আঘাত আসে, এমন কোনো কাজ যাতে না হয়, সে বিষয়ে তিনি নজর রাখবেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দেন। এসব দেশ থেকে বিনিয়োগ ও অনুদান আনার ক্ষেত্রে দেশের আলেম সমাজের আরবি ভাষায় দক্ষতা, যোগাযোগের সক্ষমতা ও ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা।

জবাবে রাষ্ট্রপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এ ছাড়া প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসা এবং ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা পরিদর্শনের আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদরাসা দুটি সফর এবং হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।