News update
  • যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের     |     
  • কিশোর গ্যাং দমনে কুমিল্লায় সাঁড়াশি অভিযান: আটক ৬২৪     |     
  • এল নিনোর প্রভাবে ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা     |     
  • ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯     |     
  • বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন     |     
জাতীয় 2026-09-17, 11:53am

রাব্বী হত্যায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

তদন্তে পিবিআই

hasina-joy-904a2cc92a2c06b42196c4ce9a9a42521789624422.jpg


জুলাই আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁওয়ে বিএনপির কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ১২৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করে আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলাটির আবেদন করেন নিহত রাব্বীর মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিটের যুবদল সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) আদালতের বেঞ্চ সহকারী মো. রিপন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগের বিষয়ে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক রয়েছেন।

এ ছাড়া সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুর রাজ্জাক, আ হ ম মুস্তফা কামাল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত ও জুনাইদ আহমেদ পলকসহ আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে।

মামলার তালিকায় সাবেক তিন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম এবং সাবেক সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ, শেখ হেলাল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী, নূর মোহাম্মদ, সাইফুজ্জামান শেখর, নূরুন্নবী চৌধুরী শাওন, নজরুল ইসলাম বাবু ও ডা. হাবিব এ মিল্লাতের নামও রয়েছে।

সরকারি কর্মকর্তাদের মধ্যে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশীদ বিশ্বাস, সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ও আবুল ফজল মীর বাদল এবং সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা শিউলির নাম রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, জাবেদ পাটোয়ারী ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদ এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের নাম রয়েছে।

এ ছাড়া আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, নজিবুল্লাহ হিরু, মোশাররফ হোসেন কাজল ও খুরশীদ আলম খানকেও মামলায় আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, জাহিদ হোসেন রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পেশায় ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার ছিলেন এবং আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।

২০২৪ সালের ৫ আগস্ট, জুলাই আন্দোলনের শেষ দিন, খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেন রাব্বী। অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুর ২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাব্বীর মৃত্যুর ঘটনায় দায়ের করা এই মামলায় যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা তদন্ত করে নির্ধারণ করবে পিবিআই। আগামী ২ নভেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।