News update
  • গুলশানে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু, ৯ লাখ টাকায় আসামিদের সঙ্গে আপোস     |     
  • টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের     |     
  • জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড     |     
  • যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের     |     
বঙ্গলোক ডেস্ক জাতীয় 2026-09-24, 1:04pm

জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলায় ভাষণ দেবেন বিকেল ৫টায়, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা

65654498-d723e00b50a326d09b52f8bea2a3cb151790233455.jpg

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি জাতিসংঘে তার প্রথম ভাষণ।


জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী ভাষণটি শুরু হবে শুক্রবার ভোর ৩টায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বুধবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে এটিই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভাষণ।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তারেক রহমান। ২১ সেপ্টেম্বর তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কে পৌঁছান।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। এতে বাংলাদেশের জনগণের আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন থাকবে।

জাতিসংঘে ভাষণ দেওয়ার ক্ষেত্রে তারেক রহমানের জন্য এটি পারিবারিক ঐতিহ্যেরও একটি নতুন অধ্যায়। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। ফলে একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতিসংঘের বিশ্বমঞ্চে বক্তব্য দেবেন তারেক রহমান।

নিউইয়র্ক সফরের শুরু থেকেই প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি।

এ ছাড়া রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার একাধিক বৈঠক ও কর্মসূচি রয়েছে। বুধবার রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর আজকের ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। চলতি সফরে এরই মধ্যে জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পূর্বানুমানযোগ্য অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর থেকে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করছেন। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম দুটি রাষ্ট্রীয় সফর ছিল মালয়েশিয়া ও চীন।