
বাংলাদেশ একটি নিম্নভূমি বদ্বীপ রাষ্ট্র এবং বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত। ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল প্রায় প্রতিবছরই কোনো না কোনো মাত্রায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, নদীভাঙন, লবণাক্ততা ও উপকূলীয় প্লাবনের ঝুঁকিতে থাকে। ঐতিহাসিকভাবে ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ৩ লাখ মানুষ এবং ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে প্রায় ১,৩৮,৮৮২ মানুষ মারা যায়। পরবর্তী সময়ে দুর্যোগ পূর্বাভাস, আশ্রয়কেন্দ্র, বাঁধ, স্বেচ্ছাসেবক ও উদ্ধারব্যবস্থার উন্নয়নের ফলে প্রাণহানি নাটকীয়ভাবে কমেছে। যেমন ২০০৭ সালের সিডরে সরকারি হিসাবে ৩,৩৬৩ জন এবং ২০০৯ সালের আইলায় ১৯০ জন মারা যায়; ২০২০ সালের আম্পানে বাংলাদেশে প্রায় ২০ জনের মৃত্যু হয়। বিশেষত সিডর, আইলা, মহাসেন (২০১৩), আম্পান, এবং পরবর্তী ঘূর্ণিঝড়গুলো উপকূলীয় মানুষের জীবন, কৃষি, অবকাঠামো ও পরিবেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
এই প্রেক্ষাপটে সুন্দরবনকে কেবল একটি বন হিসেবে দেখা যথেষ্ট নয়। এটি দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের জন্য একটি জীবন্ত প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন এবং ১৯৯৭ সালে এর তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত ১,৩৯,৭০০ হেক্টর এলাকা UNESCO World Heritage Site হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুন্দরবনের বাইরে বাংলাদেশে নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলেও ম্যানগ্রোভ ও উপকূলীয় বন গড়ে উঠেছে। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে এসব উপকূলীয় বনের আয়তন প্রায় ৬,৭৫,০৮৮ একর, অর্থাৎ প্রায় ২.৭৩ লাখ হেক্টর। এই সকল উপকূলীয় বনায়ন ঝড়-জলোচ্ছ্বাসের বিরুদ্ধে অতিরিক্ত সবুজ প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। সুতরাং উপকূলীয় বন—বিশেষত ম্যানগ্রোভ—প্রকৃতির নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। গাছের কাণ্ড, শিকড়, শ্বাসমূল, পাতা এবং ঘন বনভূমি পানির গতিশক্তি শোষণ ও বিভাজন করে; একই সঙ্গে পলি আটকে উপকূলীয় ভূমি স্থিতিশীল করে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হলো সুন্দরবন।
২. বাংলাদেশের উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চলের পরিসংখ্যানগত চিত্র: বাংলাদেশের ম্যানগ্রোভ সম্পদের কেন্দ্রবিন্দু সুন্দরবন। বন অধিদপ্তরের হিসাবে এর আয়তন প্রায় ৬,০১,৭০০ হেক্টর, যা বাংলাদেশের মোট আয়তনের ৪.১৩%। বাংলাদেশ Forest Inventory-এর তথ্য অনুসারে দেশের Coastal Zone-এ সুন্দরী, গেওয়া, বাইন, কেওড়া, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ ও উপকূলীয় উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০০০–২০১৫ সময়ে বাংলাদেশে ম্যানগ্রোভ Plantation-এর Tree Cover প্রায় ১২% বৃদ্ধি এবং প্রাকৃতিক Mangrove forest-এর Tree Cover প্রায় ৪% বৃদ্ধি পেয়েছিল।
উপকূলীয় বনায়নের ফলে চরভূমি স্থিতিশীল হয়ে ১,১২,০৬৩ একর জমি কৃষি উৎপাদনের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। একই কর্মসূচির ফলে আনুমানিক ২৬.৩৬ মিলিয়ন টন কার্বন সঞ্চিত হয়েছে এবং মৎস্য প্রজননের সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। উপকূলীয় ম্যানগ্রোভের অর্থনৈতিক ও পরিবেশগত মূল্য কেবল কাঠ বা বনজ সম্পদে সীমাবদ্ধ নয়; এর Ecosystem Services-এর মধ্যে রয়েছে—(ক) দুর্যোগের অভিঘাত কমানো (খ) ভূমিক্ষয় নিয়ন্ত্রণ (গ) নতুন চর স্থিতিশীলকরণ (গ) কার্বন সংরক্ষণ (ঙ) মাছ ও জলজ প্রাণীর প্রজননক্ষেত্র সৃষ্টি (চ) বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ (ছ) স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা সহায়তা করা ইত্যাদি।
৩. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় ম্যানগ্রোভের বনের ভূমিকা –
৩.১ ঝড়ের পানির গতিবেগ হ্রাস: ম্যানগ্রোভের শিকড়, কাণ্ড ও ঘন Vegetation Structure পানির প্রবাহে Friction সৃষ্টি করে। ফলে জলোচ্ছ্বাসের গতিশক্তি ধীরে ধীরে কমে যায়। সিডর-২০০৭-এর ওপর পরিচালিত একটি Hydrodynamic Modelling গবেষণায় দেখা যায়, ম্যানগ্রোভ বনাঞ্চলের কারণে জলোচ্ছ্বাসের পানির Flow Velocity ২৯–৯২% পর্যন্ত হ্রাস পেতে পারে। গবেষণায় বিভিন্ন অবস্থানের মধ্যম বা Median Reduction ছিল প্রায় ৫৯%। একই গবেষণায় Surge Height ৪–১৬.৫ সেন্টিমিটার কমার সম্ভাবনা পাওয়া যায়। ম্যানগ্রোভ বন ঘূর্ণিঝড়ের সৃষ্টি বা গতিপথ বন্ধ করতে পারে না বটে কিন্তু উপকূলে পৌঁছানোর পর তার ক্ষতিকর Hydrodynamic Energy কমিয়ে দেয়।
৩.২ বাঁধ ও পোল্ডার রক্ষা: জলোচ্ছ্বাসের সরাসরি আঘাতে উপকূলীয় বাঁধের পাদদেশ ক্ষয়, Overtopping এবং Breach হতে পারে। ম্যানগ্রোভের শিকড় ও গাছের ঘনত্ব পানির শক্তি কমিয়ে বাঁধের ওপর চাপ ও Toe Erosion হ্রাস করতে পারে। গবেষণায় তাই ম্যানগ্রোভকে Embankment Protection-এর জন্য Cost-effective Natural Defence হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে ভবিষ্যৎ উপকূলীয় অবকাঠামো পরিকল্পনায় বাঁধের সামনে নির্দিষ্ট প্রস্থের ম্যানগ্রোভ Buffer Zone তৈরি করা কার্যকর কৌশল হতে পারে।
৩.৩ ভূমিক্ষয় ও নতুন চর স্থিতিশীলকরণ: ম্যানগ্রোভের শিকড় পলি আটকে রাখে এবং জোয়ার-ভাটার প্রবাহের শক্তি কমায়। ফলে নতুন জেগে ওঠা চর ধীরে ধীরে স্থিতিশীল ভূমিতে রূপান্তরিত হতে পারে। বাংলাদেশ সরকারের উপকূলীয় বনায়ন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হলো ১,১২,০৬৩ একর চরভূমিকে স্থিতিশীল করে কৃষি উৎপাদনের জন্য প্রস্তুত ও হস্তান্তর করা। এখানে ম্যানগ্রোভের ভূমিকা দ্বিমুখী—একদিকে এটি ভূমিকে ক্ষয় থেকে রক্ষা করে, অন্যদিকে পলি সঞ্চয়ের মাধ্যমে ভূমি গঠনের প্রক্রিয়াকে সহায়তা করে।
৩.৪ সিডর, আইলা ও আম্পান বাস্তব অভিজ্ঞতা-
৩.৪.১ সিডর, ২০০৭: ১৫ নভেম্বর ২০০৭ ঘূর্ণিঝড় সিডর দক্ষিণ-পশ্চিম উপকূল অতিক্রম করে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাতাসের সর্বোচ্চ গতি ছিল প্রায় ২২৩কিমি/ঘণ্টা এবং সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ছিল ৩,৩৬৩। সাম্প্রতিক Geospatial গবেষণায় ২০০৭ সালের সিডরে বাংলাদেশের সুন্দরবনের প্রায় ৪৮.১৮% এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার হিসাব পাওয়া গেছে। কিন্তু গবেষণার Hydrodynamic ফলাফল দেখায় যে ম্যানগ্রোভ না থাকলে জলোচ্ছ্বাসের পানির গতি ও অভিঘাত আরও বেশি হতে পারত। অতএব, সিডর সুন্দরবনের দুটি বাস্তব বৈশিষ্ট্য তুলে ধরে—এটি দুর্যোগের বিরুদ্ধে প্রতিরক্ষাকারী এবং একই সঙ্গে নিজেও দুর্যোগের শিকার।
৩.৪.২ আইলা, ২০০৯: সরকারি হিসাবে এইঝড়ে ১৯০ জন মারা যায় এবং প্রায় ৩৯.৩৫ লাখ মানুষ আক্রান্ত হয়। আইলার সময় দক্ষিণ-পশ্চিম উপকূলের বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘ সময় ধরে পানির নিচে ছিল। সুন্দরবন ও উপকূলীয় বনাঞ্চল এ সময় জলোচ্ছ্বাসের প্রবাহ আংশিকভাবে নিয়ন্ত্রণ করে এবং কিছু এলাকায় প্রাকৃতিক Buffer হিসেবে কাজ করে। তবে দীর্ঘস্থায়ী লবণাক্ত পানি ও পানির চাপ বন Ecosystem-এর ওপরও দীর্ঘমেয়াদি ক্ষতি সৃষ্টি করে।
৩.৪.৩ আম্পান, ২০২০: সুপার সাইক্লোন আম্পান সুন্দরবনে ব্যাপক পরিবেশগত ক্ষতি করে। একটি Geospatial গবেষণায় দেখা যায়, আম্পানের পর ঘন ও মাঝারি-ঘন ম্যানগ্রোভ কভার ৭৭% থেকে ৩৪%-এ নেমে আসে, যেখানে কম ঘন ও Sparse Cover ২০% থেকে ৬৩%-এ বৃদ্ধি পায়। একই গবেষণায় ৬৮%-এর বেশি Shoreline Transect-এ ক্ষয়ের চিহ্ন পাওয়া যায় এবং গড় Shoreline Change প্রায় −৩১ মিটার ছিল। অতএব, আম্পান দেখিয়েছে যে ম্যানগ্রোভ নিজে ঝুঁকিমুক্ত নয়; জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান শক্তিশালী ঝড় ও সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন বনটির স্থিতিস্থাপকতাকেও চ্যালেঞ্জ করেছে।
৪. কার্বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা: ম্যানগ্রোভ বন একই সঙ্গে Climate Adaptation ও Climate Mitigation-এর উপায়। গাছের Biomass এবং মাটিতে বিপুল পরিমাণ carbon সঞ্চিত থাকে। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের উপকূলীয় বনায়নে মোট প্রায় ২৬.৩৬ মিলিয়ন টন কার্বন মজুদের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ উপকূলীয় ম্যানগ্রোভ রক্ষা করলে একদিকে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের ঝুঁকি কমে, অন্যদিকে বায়ুমণ্ডলীয় CO₂ শোষণ ও Carbon Storage বৃদ্ধি পাবে।
৫. বন্যপ্রাণী সংরক্ষণে সুন্দরবনের গুরুত্ব: সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ Wildlife Habitat-গুলোর একটি। এই বনের পরিবেশগত ভূমিকা হলো Multi-trophic Wildlife Habitat হিসেবে কাজ করা। বন, নদী, খাল, কাদামাটি, জোয়ারভাটা অঞ্চল এবং উপকূলীয় জলাভূমির সমন্বিত পরিবেশে মাছ, কাঁকড়া, চিংড়ি, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণী পরস্পর নির্ভর খাদ্যজাল তৈরি করে।
রামসার তথ্য অনুযায়ী সুন্দরবনে ৩১৫ প্রজাতির পাখি, যার মধ্যে ৮৪টি পরিযায়ী, এবং রয়্যাল বেঙ্গল টাইগার, প্যালাস ফিশিং ঈগল, Masked Finfoot, River Terrapin প্রভৃতি গুরুত্বপূর্ণ ও বিপন্ন প্রাণী পাওয়া যায়। সুন্দরবনের জলজ Habitat বহু মাছ ও চিংড়ির Spawning ও Nursery Ground হিসেবেও কাজ করে। Bangladesh Tiger Action Plan-এ সুন্দরবনে বর্তমানে ৪১ প্রজাতির স্তন্যপায়ী, ৩৩৯ প্রজাতির পাখি, ৫৮ প্রজাতির সরীসৃপ, ১০ প্রজাতির উভচর এবং ২৩৭ প্রজাতির মাছ থাকার তথ্য রয়েছে। একই উৎসে ১৫টি Globally Threatened Wildlife Species-এর উপস্থিতি উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—রয়্যাল বেঙ্গল টাইগার; চিত্রা হরিণ; গাঙ্গেয় ডলফিন; Indo-Pacific Finless Porpoise; Fishing Cat; Smooth-coated Otter; Lesser Adjutant; Pallas's Fish Eagle; বিভিন্ন পরিযায়ী পাখি; কুমির ও অন্যান্য সরীসৃপ। ম্যানগ্রোভের Tidal Creek, Mudflat, Salt Marsh, Forest Canopy ও নদী-খাল মিলিতভাবে একটি অত্যন্ত জটিল Food Web তৈরি করে রেখেছে ফলে ম্যানগ্রোভ ধ্বংস হলে শুধু বৃক্ষ নয়, সম্পূর্ণ Trophic System ক্ষতিগ্রস্ত হবে।
৬. মৎস্য ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা: ম্যানগ্রোভের Tidal Zone মাছ, চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণীর Nursery ও Feeding Habitat হিসেবে কাজ করে। উপকূলীয় বনায়নের ফলে মৎস্য প্রজননের সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। সুন্দরবনের নদী-খাল ও আশপাশের উপকূলীয় জলভাগে ইলিশ, ভেটকি, পারসে, চিংড়ি, কাঁকড়া প্রভৃতি গুরুত্বপূর্ণ জলজ সম্পদ পাওয়া যায়। ফলে ম্যানগ্রোভ সংরক্ষণকে Fisheries Management-এর অংশ হিসেবেও বিবেচনা করা উচিত।
৭. বাংলাদেশ সরকারের গৃহীত প্রধান সংরক্ষণ উদ্যোগ-
৭.১ উপকূলীয় বনায়ন কর্মসূচি: বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে নতুন চর ও উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ Plantation পরিচালনা করে আসছে। এর লক্ষ্য শুধু বন সৃষ্টি নয়; বরং Greenbelt Development, Erosion Control, Cyclone Protection এবং Livelihood Support নিশ্চিত করা। সরকারি তথ্য অনুযায়ী উপকূলীয় বনায়নের ফলে— (ক) ১,১২,০৬৩ একর ভূমি স্থিতিশীল হয়েছে; (খ) ২৬.৩৬ মিলিয়ন টন কার্বন সঞ্চিত হয়েছে; (গ) মৎস্য প্রজননের সহায়ক Habitat সৃষ্টি হয়েছে; (ঘ) ৩টি Wildlife Sanctuary ও ২টি National Park ঘোষণার পরিবেশগত ভিত্তি তৈরি হয়েছে।
একটি দীর্ঘমেয়াদি মূল্যায়নে ১৯৬৫–২০১৩ সময়ে বন বিভাগ প্রায় ২,০৯,১৩৮.৫ হেক্টর উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ করেছে, যার ৯২%-এর বেশি ছিল ম্যানগ্রোভ প্রজাতি। ২০১৮ সালের শুরুতে প্রায় ৩,৯০,৬৮৮ হেক্টর উপকূলীয় এলাকায় Afforestation কার্যক্রম পরিচালিত হয়েছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
৭.২ সুন্দরবনকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা: সুন্দরবনের তিনটি Wildlife Sanctuary—Sundarban East, Sundarban West এবং Sundarban South—বন্যপ্রাণী ও Habitat Protection-এর মূল কাঠামো তৈরি করেছে। এই তিন Sanctuary-এর মোট ১,৩৯,৭০০ হেক্টর এলাকা UNESCO World Heritage Site। এ ছাড়া বন অধিদপ্তর সুন্দরবনের জন্য Management Plan, Patrol ব্যবস্থা, Wildlife Monitoring এবং Habitat Management পরিচালনা করছে।
৭.৩ বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও মানুষ-বন্যপ্রাণী সংঘাত ব্যবস্থাপনা: সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ প্রণয়ন করেছে। পাশাপাশি বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ক্ষতিপূরণ নীতিমালা, ২০১০ প্রণয়ন করেছে। এর মূল লক্ষ্য হলো মানুষ - বন্যপ্রাণীর সংঘাত কমিয়ে Conservation-এর সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানো।
৭.৪ Tiger Conservation Programme: সুন্দরবনের Apex Predator রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য Sundarban Tiger Conservation Project (STCP) পরিচালিত হচ্ছে। ২০২৪–২৫ অর্থবছরের সরকারি Annual Procurement Plan-এ STCP এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্প উভয়ের উল্লেখ রয়েছে। সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় Tiger, Elephant, Gharial, Dolphin, Vulture, Shark ও Ray-সহ গুরুত্বপূর্ণ Species-এর জন্য Species Conservation Programme এবং সুন্দরবনে Prey-predator Survey পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়।
৭.৫ SMART Patrolling ও আধুনিক নজরদারি: সুন্দরবনের অবৈধ শিকার, গাছকাটা, মাছ-কাঁকড়া আহরণ এবং অন্যান্য বন অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর Patrolling-এর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সব Protected Area-তে SMART Patrolling, Transboundary Wildlife Crime মোকাবিলা এবং Wildlife Habitat ও Corridor শনাক্তকরণের লক্ষ্য অন্তর্ভুক্ত ছিল। একই পরিকল্পনায় Protected Area-তে ৭২,০০০ হেক্টর এলাকায় Co-management এবং ১০,০০০ হেক্টর Habitat Improvement-এর লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল।
৭.৬ ম্যানগ্রোভ পুনরুদ্ধারে সরকারের নতুন উদ্যোগ: ২০২৬ সালে বাংলাদেশ Forest Department, IUCN এবং Agence Française de Développement (AFD)-এর অংশীদারিত্বে Conservation and Restoration Initiatives in the Sundarbans Region (CRIS) প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো সুন্দরবনের Ecosystem Resilience, Bbiodiversity Conservation, Climate Adaptation এবং Community Engagement শক্তিশালী করা। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে Conservation-এর ধারণা শুধু “বন রক্ষা” নয় এর মাধ্যমে “Ecosystem Restoration and Resilience Building”-নিশ্চিত করা সম্ভব।
৭.৭ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ম্যানগ্রোভ সংরক্ষণ: বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ম্যানগ্রোভ ও উপকূলীয় Ecosystem-এর জন্য বেশ কিছু পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে রয়েছে—
নং কর্মসূচি লক্ষ্যমাত্রা
১. Mangrove plantation ৫০,০০০ হেক্টর
২. Mangrove enrichment planting ২,৭০০ হেক্টর
৩. Jhaw plantation ৯০০ হেক্টর
৪. Golpata plantation ১,৪০০ কিমি
৫. Protected-area co-management ৭২,০০০ হেক্টর
৬. Wildlife habitat improvement ১০,০০০ হেক্টর
৭. Wildlife corridor identification/plantation ৫,০০০ হেক্টর
৮. Forest-dependent পরিবারের বিকল্প আয় ৫৫,০০০ পরিবার
৯ Protected-area ecotourism development ৪০টি এলাকা
এই লক্ষ্যমাত্রাগুলো থেকে বোঝা যায় যে সরকারের নীতিতে Conservation, Climate Adaptation, Wildlife Protection এবং Local Livelihood—চারটি বিষয়কে পরস্পর সংযুক্ত করা হয়েছে।
৮.০ সংরক্ষণ ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ: সরকারি উদ্যোগ সত্ত্বেও কয়েকটি মৌলিক সমস্যা রয়ে গেছে—ম্যানগ্রোভের গুরুত্ব সত্ত্বেও কয়েকটি কারণে এর কার্যকারিতা হ্রাস পাচ্ছে—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বৃদ্ধি; ঘন ঘন ও শক্তিশালী ঘূর্ণিঝড়; অবৈধ গাছকাটা ও বনদখল; চিংড়ি চাষের অনিয়ন্ত্রিত সম্প্রসারণ; প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য; নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তন; অতিরিক্ত মৎস্য আহরণ; একক প্রজাতির Plantation; পর্যটন ও মানবীয় Disturbance; জলবায়ু পরিবর্তনের কারণে Ecosystem Resilience হ্রাস।
২০২৬ সালের একটি সাম্প্রতিক গবেষণায় সুন্দরবনের প্রায় ৬১০–৯৯০ বর্গকিলোমিটার, অর্থাৎ মোট এলাকার প্রায় ১০–১৫%, অপেক্ষাকৃত কম Resilience-এর প্রবণতা দেখিয়েছে। গবেষণাটি দেখিয়েছে যে Canopy Structure, Species Composition এবং Disturbance Frequency বনটির Resilience নির্ধারণে গুরুত্বপূর্ণ।
(ক) জলবায়ু পরিবর্তন: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা এবং ঘূর্ণিঝড়ের তীব্রতা ম্যানগ্রোভের Natural Regeneration-কে প্রভাবিত করতে পারে। (খ) অতিরিক্ত চাপ: মাছ, কাঁকড়া, মধু ও গোলপাতা আহরণে অতিরিক্ত চাপ Ecosystem-এর Carrying Capacity কমিয়ে দিতে পারে। (গ) দূষণ: প্লাস্টিক, তেল, শিল্পবর্জ্য ও নৌযানজনিত দূষণ জলজ Ecosystem-এর জন্য ক্রমবর্ধমান হুমকি। (ঘ) Plantation বনাম Natural Regeneration: সব জায়গায় Plantation কার্যকর নয়। স্থানীয় প্রজাতির স্বাভাবিক Regeneration, Hydrological Connectivity ও Sediment Dynamics বজায় না রাখলে কৃত্রিম বনায়নের স্থায়িত্ব কমে যেতে পারে। (ঙ) বন ও মানুষের সম্পর্ক: সুন্দরবনের ওপর প্রায় ৬ লাখ মানুষ সরাসরি জীবিকার জন্য নির্ভরশীল। অতএব Conservation-এর সঙ্গে বিকল্প Livelihood ব্যবস্থা যুক্ত না করলে অবৈধ আহরণ ও মানব-বন সংঘাতের ঝুঁকি থেকে যায়।
সুপারিশ: গবেষণালব্ধ তথ্য ও সরকারি উদ্যোগ বিশ্লেষণ করে নিম্নলিখিত উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
১. ম্যানগ্রোভ বনকে জাতীয় “প্রাকৃতিক অবকাঠামো” হিসেবে স্বীকৃতি: উপকূলীয় বাঁধ ও পোল্ডারের সঙ্গে ম্যানগ্রোভ Belt-কে সমন্বিত করতে হবে।
২. Green–Grey Infrastructure Model: বাঁধ + ম্যানগ্রোভ + Tidal Wetland + Cyclone Shelter—এই সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
৩. Natural Regeneration-কে অগ্রাধিকার: যেখানে Hydrological Conditions উপযুক্ত, সেখানে Artificial Plantation-এর পরিবর্তে Natural Regeneration উৎসাহিত করা উচিত।
৪. Biodiversity-Bbased Plantation: একক প্রজাতির পরিবর্তে স্থানীয় বহুপজাতির Plantation বৃদ্ধি করতে হবে।
৫. GIS ও Remote Sensing Monitoring: প্রতিবছর Mangrove Cover, Shoreline Erosion, Salinity, Canopy Damage ও Habitat Fragmentation-এর Spatial Database তৈরি করা প্রয়োজন।
৬. Wildlife Monitoring: বাঘ, হরিণ, ডলফিন, কুমির, পাখি ও মাছের Population Trend নিয়মিত Statistically Monitor করতে হবে।
৭. Community Co-management: স্থানীয় বননির্ভর জনগোষ্ঠীকে Conservation-এর অংশীদার করা প্রয়োজন।
৮. Climate-Resilient Restoration: CRIS-এর মতো উদ্যোগকে দীর্ঘমেয়াদি জাতীয় Restoration Programme-এর সঙ্গে যুক্ত করা উচিত।
উপসংহার: বাংলাদেশের উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদ, ভূমি স্থিতিশীলকরণ এবং স্থানীয় অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। দেশের ভবিষ্যৎ উপকূলীয় নিরাপত্তা অনেকাংশেই নির্ভর করে এই প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা কতটা বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ, পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা করা হয়েছে তার ওপর। সুন্দরবন ও উপকূলীয় ম্যানগ্রোভকে বাংলাদেশের দুর্যোগ-ঝুঁকি হ্রাস, জলবায়ু অভিযোজন এবং বন্যপ্রাণী সংরক্ষণের সমন্বিত অবকাঠামো হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
তথ্যসূত্র: (1) Bangladesh Forest Department (2026), Coastal afforestation; (2) Department of Disaster Management, Bangladesh. Cyclone and storm surge statistics (3) Hossain et al. (2024), Assessing vulnerability to cyclone hazards in the world's largest mangrove forest, the Sundarbans (4) Dasgupta et al. Quantifying the protective capacity of mangroves from storm surges in coastal Bangladesh. PLOS ONE (5) World Bank. Shelter from the Storm: Protecting Bangladesh’s Coastal Communities from Natural Disasters (6) Ramsar Convention. Bangladesh enlarges Sundarbans Ramsar site (7) Rahman et al. (2026). Functional composition and structural diversity enhance mangrove forest resilience in the Sundarbans.