
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন বলেন, মিছিলে অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।