News update
  • গুলশানে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু, ৯ লাখ টাকায় আসামিদের সঙ্গে আপোস     |     
  • টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের     |     
  • জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড     |     
  • যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের     |     
বিনোদন ডেস্ক বিনোদন 2026-09-12, 8:07am

‘বিহান’ শুধু একটি গল্প বলবে না, দর্শককে নতুন করে ভাবাবে

nisat-3f42c52db24db47dcb8744d9459f893a1789178870.jpg


নারীর নেতৃত্বের পথে দৃশ্যমান ও অদৃশ্য নানা বাধা, সামাজিক প্রত্যাশা এবং নিজের সক্ষমতা নিয়ে সংশয়ের গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’। এতে আইনজীবী শিউলি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। তার মতে, ‘বিহান’ শুধু একটি গল্প বলবে না, বরং দর্শককে নিজেদের জীবন ও সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেবে।


অক্সফাম ইন বাংলাদেশের ‘রাইজ অ্যান্ড লিড’ উদ্যোগের ভাবনা থেকে নির্মিত হয়েছে ‘বিহান’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হেমন্ত সাদীক। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল ও নিশাত প্রিয়ম। দুই কর্মজীবী নারী শিউলি ও রাখিকে ঘিরে এগিয়েছে গল্প। পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার পথে সামাজিক প্রত্যাশা, পারিবারিক চাপ, কর্মক্ষেত্রের বাস্তবতা এবং আত্মবিশ্বাসের সংকট কীভাবে নারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, তা উঠে এসেছে চলচ্চিত্রটিতে।


নিশাত প্রিয়মের চরিত্র শিউলি একজন আইনজীবী। অন্যের হয়ে অনেক কথা বলতে পারলেও নিজের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সময়ে সঠিক কথা বলতে পারেন না তিনি। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে তার জীবনে একের পর এক ঘটনা ঘটতে থাকে।


চরিত্রটি নিয়ে নিশাত বলেন, শিউলি অন্যের হয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু নিজের ক্ষেত্রে ঠিক সময়ে ঠিক কথাটি বলতে পারেন না। একটি শব্দ বলতে গিয়ে তার জীবনে অনেক ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো দর্শকের নিজেদের জীবনের নানা অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেবে বলেও মনে করেন তিনি।


নিশাত জানান, এর আগে আইনজীবীর চরিত্রে অভিনয় করেননি তিনি। ‘বিহান’-এর মাধ্যমে প্রথমবার এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। নির্মাতা হেমন্ত সাদীক চরিত্রটি ধারণ ও পর্দায় ফুটিয়ে তুলতে তাকে সহযোগিতা করেছেন বলেও জানান এই অভিনেত্রী।


‘বিহান’ নিয়ে দর্শকের সাড়াতেও সন্তুষ্ট নিশাত। চলচ্চিত্রটি দেখার পর অনেকেই তাকে ফোন করে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। একজন অভিনয়শিল্পী হিসেবে বিষয়টি তাকে আনন্দিত করেছে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিয়েছে বলে জানান তিনি।


চলচ্চিত্রটির গল্পে নারী নেতৃত্বের বিষয়টি সরাসরি কোনো বক্তৃতার মাধ্যমে তুলে ধরা হয়নি। বরং দৈনন্দিন জীবনের পরিচিত ঘটনা, সামাজিক প্রত্যাশা, পরিবার ও কর্মক্ষেত্রের নানা চাপ এবং আত্মবিশ্বাসের সংকটের মধ্য দিয়ে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। নির্মাতা হেমন্ত সাদীকও জানিয়েছেন, ‘বিহান’-এর সংগ্রামগুলো সাধারণ মানুষের পরিচিত বাস্তবতা থেকেই নেওয়া হয়েছে।


নিশাত প্রিয়ম অভিনয়ের ক্ষেত্রে সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তার ভাষ্য, কম কাজ হলেও ভালো কাজের সঙ্গে থাকতে চান তিনি। রোমান্টিক, রহস্য, থ্রিলার, সামাজিক ও নারীপ্রধান বিভিন্ন ধরনের গল্পে নিজেকে দেখতে চান এই অভিনেত্রী।


বড় পর্দায় অভিনয়ের স্বপ্নও রয়েছে নিশাতের। বেশ কিছু সিনেমার চিত্রনাট্য দেখলেও এখনো নিজের পছন্দের গল্প পাননি বলে জানিয়েছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলে সিনেমায় অভিনয় করতে আগ্রহী এই অভিনেত্রী।


বর্তমানে ‘মিডলক্লাস ফ্যামিলি’ ও ‘ঘরে বাইরে’ ধারাবাহিকে কাজ করছেন নিশাত প্রিয়ম। পাশাপাশি কয়েকটি নাটক ও ওটিটি প্রকল্প নিয়েও তার সঙ্গে আলোচনা চলছে।


‘বিহান’ মুক্তির মধ্য দিয়ে নারীর নেতৃত্ব ও আত্মবিশ্বাসের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নতুন করে আলোচনায় এসেছে। আর শিউলির চরিত্রে নিশাত প্রিয়মের অভিনয় সেই আলোচনাকে আরও মানবিক ও ব্যক্তিগত মাত্রা দিয়েছে। চলচ্চিত্রটির মূল প্রশ্নও তাই পরিবর্তনের শুরু কি বাইরের পৃথিবী থেকে, নাকি নিজের কণ্ঠ ও সক্ষমতাকে নতুন করে চিনে নেওয়া থেকেই?