
ছবি: সংগৃহীত
লন্ডনে বসতে যাচ্ছে ঘরোয়া আবহের গানের আসর ‘এক কাপ চায়ে গানের সুর’। এতে এককভাবে গান শোনাবেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। আগামী ২৭ সেপ্টেম্বর লন্ডনের বেকটনে বসবে এই আয়োজনের তৃতীয় আসর। অনুষ্ঠানটির আয়োজক কিশোয়ার মুনিয়া।
আসরটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘এই গানের আয়োজনটা একদমই ভিন্ন রকমের হতে চলেছে।’ আয়োজনের বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, ‘গল্প ও আড্ডার মতো করে গান করা হবে। লন্ডনের সব বাংলাভাষী দর্শকদের এই গানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, সবাই চমৎকার একটি মুহূর্ত নিয়ে বাড়ি ফিরবেন।’
আয়োজক কিশোয়ার মুনিয়া জানান, গানের পাশাপাশি গল্প ও আড্ডার ভিন্ন আবহ তৈরি করাই এ আয়োজনের মূল আকর্ষণ। বড় পরিসরের কনসার্টে শিল্পী ও শ্রোতার মধ্যে এক ধরনের আনুষ্ঠানিক ও মানসিক দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব কমিয়ে শিল্পী ও শ্রোতাকে মুখোমুখি বসানোর লক্ষ্যেই এ উদ্যোগ।
গত দুই বছর ধরে আয়োজনটি করে আসছেন মুনিয়া। এবার বসছে এর তৃতীয় আসর। এবারের আয়োজন হবে লন্ডনের বেকটন ফুড বাজারের ঠিক বিপরীতে অবস্থিত দ্য জুমেরা হলে। ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দর্শকদের জন্য হলের দরজা খুলে দেওয়া হবে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। আসনভেদে অনুষ্ঠানের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০, ১৫ ও ২৫ পাউন্ড।
এদিকে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফাহমিদা নবী। অন্যের সুর করা গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিজেও নিয়মিত গান সুর করছেন। তাঁর সুর করা বেশ কয়েকটি গান শিগগিরই প্রকাশিত হবে বলেও জানিয়েছেন এই শিল্পী।