
জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক।
জাতিসংঘের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও জাতিসংঘ।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মধ্যে বৈঠকে এ অঙ্গীকার করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের পারস্পরিক সহযোগিতা, গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদান নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকার ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বহুপক্ষীয় ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি এবং টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ ও জাতিসংঘের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।