
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৮ গ্রাম সোনার অলংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকার নিচতলা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।
এপিবিএন জানায়, ওই তিনজনকে কার পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের দেহ তল্লাশি করে ৩৯৭ দশমিক ৭ গ্রাম সোনার অলংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার পরিমাণ প্রায় ৩৬ ভরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে এসব সোনা, মোবাইল ফোন ও ল্যাপটপ বাংলাদেশে আনা হয়েছিল। পরে সেগুলো পাচারের উদ্দেশ্যে বিমানবন্দর এলাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
এপিবিএনের দাবি, আটক তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(বি) ও ২৫(ডি) ধারায় মামলা করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনা দেশে এনে পাচারের উদ্দেশ্যে অজ্ঞাত যাত্রীদের সঙ্গে যোগসাজশ করে কাজ করছিলেন ওই তিনজন।
বিমানবন্দর এপিবিএনের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দরে অপরাধ ও চোরাচালান প্রতিরোধে এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, মাদক ও সোনা চোরাচালান প্রতিরোধে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিমানবন্দর এপিবিএন। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।