
অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করেও বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় ১৪ হাজার ১৯৯ প্রবাসীর ভোটার হওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এসব আবেদন কার্যকর রাখতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসে বায়োমেট্রিক গ্রহণ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে আবেদনগুলো বাতিল করা হবে।
গত ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সেপ্টেম্বর মাসের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সভায় নিবন্ধন ও প্রবাসী অধিশাখার পরিচালক খান আবি শাহানুর খান জানান, অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করা ১৪ হাজার ১৯৯ প্রবাসীর বায়োমেট্রিক এখনো সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে নেওয়া হয়নি। তাদের বায়োমেট্রিক সম্পন্ন করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে আগামী তিন মাসের মধ্যে কার্যক্রম শেষ করার জন্য চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরন্টো, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস, মালদ্বীপের মালে, ওমানের মাসকাট, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনসহ ১৭টি দেশের ২৭টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে।
প্রবাসে এনআইডি কার্যক্রম চালুর পর থেকে এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪১৯ জন প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন।
ফরম-২ আপলোড ও এনআইডি সংশোধনে গতি বাড়ানোর নির্দেশ
সভায় জাতীয় পরিচয়পত্রের ফরম-২ আপলোড ও সংশোধন কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এনআইডির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সংরক্ষিত ফরম-২-এর সংখ্যা ৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৩৮টি। এর মধ্যে ৫ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৫২৫টি ফরম স্ক্যান করা হয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত আপলোড করা হয়েছে ৫ কোটি ২৩ লাখ ২৫৩টি ফরম।
আপলোড করা ফরম-২-এর বিচারিক সিদ্ধান্ত বা অ্যাডজুডিকেশন কার্যক্রম দ্রুত শেষ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়। এ জন্য সিস্টেম ম্যানেজার মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ ছাড়া উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিস ভবনের মেরামতসংক্রান্ত তথ্য এন্ট্রির জন্য সফটওয়্যার প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ গাইডলাইন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা হয়। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করে কমিশন সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
মাঠপর্যায়ের অফিসগুলোর কার্যক্রম তদারকিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাসভিত্তিক পরিদর্শনসূচি তৈরি করতে বলা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয় পরিদর্শন করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, মাঠপর্যায়ের কার্যালয়ের গোডাউনে থাকা অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য মালামাল সরিয়ে ফেলার কার্যক্রম চলছে। অপ্রয়োজনীয় কাগজপত্র যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তির পাশাপাশি সেগুলো মণ্ড তৈরির কাজে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ
বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগ ও অর্থ বিভাগের সঙ্গে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন উপজেলা কমপ্লেক্স ভবনগুলোতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত কক্ষ বরাদ্দের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে উপপ্রধান (পরিকল্পনা ও উন্নয়ন) জানান, প্রয়োজনীয় কক্ষ বরাদ্দের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে সভা আয়োজনের জন্য যোগাযোগ করা হয়েছে। দ্রুত সভা আয়োজনের জন্য এ যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।
অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির নির্দেশ
নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ের বিভিন্ন অডিট আপত্তি নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়ায় নিরীক্ষা শাখার কর্মকর্তাকে সভায় ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাঠপর্যায়ের কার্যালয় থেকে ব্রডশিট জবাব যথাযথভাবে ও নির্ধারিত সময়ে সচিবালয়ে পাঠানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে তিনটি এনআইডি সংশোধনের আবেদন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আগের মাসের পর্যালোচনা প্রতিবেদন প্রতি মাসের ১ তারিখে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে বলা হয়েছে।
সকাল ৯টার মধ্যে সব সরকারি যানবাহন সচিবালয়ে প্রবেশ এবং সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ে নির্ধারিত সময়ে অফিস কার্যক্রম শুরুর আগের নির্দেশনাও যথাযথভাবে পালনের ওপর জোর দেওয়া হয়। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুসরণ এবং বদলি-সংক্রান্ত তদবিরের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মানার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।