
ছবিঃ সংগৃহীত
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই জমি মাপজোকের সময় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, লাঠি ও হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।