
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা। এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।
ফি জমার ক্ষেত্রে বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বর পর্যন্ত এবং পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে নিয়মিত পরীক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ৩১৫ টাকা।
এ ছাড়া নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে সতর্ক করেছে বোর্ড কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ নেওয়া যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।