
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা শনিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা চিঠির মাধ্যমে জানিয়েছে। পরে বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় ২৩ অক্টোবর পর্যন্ত বন্ধের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। ফলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সাত দিন বন্ধ থাকবে।
আবু মুছা আরও জানান, আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে ভোমরা স্থলবন্দরে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই শামীম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না।