
ফ্যামিলি কার্ড চালুর ফলে তালাকের প্রবণতা বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের ইতিবাচক উদ্যোগগুলো গণমাধ্যমে গুরুত্ব দিয়ে তুলে ধরার পাশাপাশি এসব কাজের কথা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে মায়েদের ক্ষমতায়ন করা হচ্ছে এবং তারা সরাসরি এর সুফল ভোগ করবেন।
ফ্যামিলি কার্ডের প্রভাব তুলে ধরে চিফ হুইপ বলেন, আগে দুই সন্তানসহ স্ত্রীকে তালাক দেওয়ার সুযোগ থাকলেও এই কার্ড চালুর ফলে সেই প্রবণতা বন্ধ হয়েছে। এখন সংসারের আর্থিক সুবিধা পেতে স্বামীকেও স্ত্রীর কাছে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকারের এসব উদ্যোগ ভালো হলে গণমাধ্যমে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা উচিত। ভালো কাজগুলো বারবার মানুষের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে চিফ হুইপ অভিযোগ করেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির অর্থ দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো। বর্তমান সরকারকে চাপে ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও দাবি করেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান হলো, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন চিফ হুইপ।
জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা, জেলা পরিষদের প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।