News update
  • ‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’     |     
  • সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের     |     
  • সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল     |     
  • নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ     |     
  • শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-18, 6:59am

‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে’

pm-5109d85d95fece7816d9704e6e5b12791792285184.jpg


দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। এর মাধ্যমে প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে এবং গড়ে তোলা যাবে সবার জন্য বাংলাদেশ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’

দেশের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত তরুণদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকে পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করছেন। বিপদে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাদের এসব উদ্যোগ ও অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করেন, তাদের অধিকাংশই তরুণ। একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনেও প্রবীণদের মেধা, বুদ্ধি ও পরামর্শের পাশাপাশি তরুণেরা সরাসরি মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, দেশের বড় ধরনের পরিবর্তন ও অগ্রগতিতে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগের গুরুত্ব অপরিসীম। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে পারলে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। তবে শুধু ব্যক্তিগত উন্নতির কথা ভাবলে চলবে না, দেশের প্রতিটি মানুষের কল্যাণের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

এ ছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাদের স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তরুণদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার কথা বলেন।