News update
  • সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল     |     
  • নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ     |     
  • শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ     |     
  • ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন     |     
  • বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি     |     
সিডনি, অস্ট্রেলিয়া: প্রথম পাতা 2026-10-18, 7:08pm

সিডনিতে আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

leag-4a1033c0be4aca5964332546d8e7d92d1792328895.jpeg

ছবি: সংগৃহীত


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখা।


সিডনির একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। সভায় বক্তারা শহীদ শেখ রাসেলের সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত প্রতিভাবান জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর সরলতা, প্রাণচাঞ্চল্য এবং মার্জিত আচরণের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, মাত্র ১০ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকদের নির্মম বুলেটের শিকার হতে হয়েছিল এই নিষ্পাপ শিশুকে। ঘাতকেরা সেদিন রাসেলের আকুল আকুতি অবজ্ঞা করে তাকে হত্যা করার মাধ্যমে বিশ্ব ইতিহাসের এক জঘন্যতম অপরাধ সংঘটিত করেছিল। প্রবাসে অবস্থানরত নতুন প্রজন্মের কাছে শেখ রাসেলের স্মৃতি ও আদর্শকে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান উপস্থিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।



সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ডক্টর সিরাজুল হক। উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি।



আলোচনা সভা শেষে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে ১৫ আগস্টের কালরাতে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।