News update
  • ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ     |     
  • রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় এক রাতেই একাধিক নাশকতা     |     
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-19, 2:27pm

সংবিধান সংশোধনে বিরোধীদের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

sorasto-afe6af01dd14ad146ccf80133c6734431792398444.jpg

ছবি: সংগৃহীত


সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলেও সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।


সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটাকে অনেকে সংস্কার বলতে পারেন। তারা সংস্কার বলে তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা বিরোধীদল হিসেবে সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছেন না।’


জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে এই সনদ প্রণীত হয়েছে। জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয় জুলাই। এটি কোনো এক দিনের ঘটনা নয়; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।


জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রক্রিয়ার একটি পর্যায় শেষ হয়েছে। এর কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইনসংক্রান্ত। আইনি ও বিধিবিধানগত বিষয়গুলো চলমান প্রক্রিয়ার অংশ।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের ছাত্র-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়ন করছেন। শহীদদের আকাঙ্ক্ষাগুলোও সরকারের সেই পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেন তিনি।