News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-20, 12:08am

ফ্রান্সে দাঙ্গার পর কয়েকটি এলাকায় কারফিউ জারি

laq2-0156ba253e6b82cfadd5230fe490ecf81792433289.jpg


ফ্রান্সে সপ্তাহান্তে সংঘটিত দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির কয়েকটি এলাকায় কারফিউ জারির আহ্বান জানানো হয়েছে। সহিংসতা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে স্থানীয় পর্যায়ে চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়টি সামনে এসেছে।

সোমবার (১৯ অক্টোবর) ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট এলাকায় আংশিক ও স্থানীয় কারফিউ জারির জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে। তবে পুরো প্যারিসে কারফিউ জারির পরিকল্পনা নেই বলে জানান তিনি।

সপ্তাহান্তে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের একপর্যায়ে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্যারিসসহ কয়েকটি শহরে দোকানপাট ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি সামাল দিতে শনিবার প্রায় ৬০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিক্ষোভ-সংশ্লিষ্ট ঘটনায় সপ্তাহান্তে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় এক হাজার নিরাপত্তাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার সমালোচনার মুখে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

সরকার জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং লুটপাট ও সহিংসতা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে বিক্ষোভকারীদের অসন্তোষের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জনসেবার মান নিয়ে উদ্বেগও রয়েছে।