News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম ও কুমিল্লা) খবর 2026-11-05, 11:59pm

বাড়িতে হামলা, পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় ঢাবির সাবেক শিক্ষার্থী আকিব

polish_20261105_235623561-c361aadec65a54623ffb1d9b26226bd41793901676.jpg

ছবি- সংগৃহীত


নিজের ও পরিবারের ওপর ধারাবাহিক হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির পর বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও জীবননাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী শিহাব শাহরিয়ার আকিব। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তাঁর পরিবারের ওপর এ তাণ্ডব চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশে থাকা তাঁর পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব শাহরিয়ার আকিব ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি ছাত্রলীগ মনোনীত প্যানেলের পক্ষে প্রচারণায় অংশ নেন। এছাড়া, ২০২৩ সালের নভেম্বর থেকে চট্টগ্রাম-৬ আসনের তৎকালীন সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। প্রধানত এই রাজনৈতিক সম্পৃক্ততার কারণেই তিনি ও তাঁর পরিবার চরম প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগে প্রকাশ, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন সন্ধ্যায় একদল সশস্ত্র হামলাকারী চট্টগ্রামের উত্তর খুলশীর শতাব্দী হাউজিং সোসাইটিতে আকিবদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং হাতুড়ি দিয়ে প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িতে অবস্থানরত আকিবের চাচা, চাচি ও চাচাতো ভাইবোনদের নির্মমভাবে মারধরসহ ব্যাপক ভাঙচুর চালানো হয়। আকিব তাঁর হলফনামায় উল্লেখ করেছেন, এই হামলায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা শাহ আবদুল জব্বার ও বিএনপি কর্মী মুসলিম উদ্দিন সরাসরি জড়িত ছিলেন।

হামলার পর প্রাণভয়ে আকিব কুমিল্লার বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। তবে পরবর্তীতে তিনি দেশ ছাড়লেও পরিবারের ওপর নির্যাতন থেমে থাকেনি। কুমিল্লায় তাঁর বাবার মালিকানাধীন ‘ভোলা অ্যাগ্রো ফার্মে’ একাধিকবার হামলা ও তাণ্ডব চালায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে এবং পরিবারের নিরাপত্তা রক্ষায় ২০২৪ সালের ডিসেম্বর ও ২০২৫ সালের সেপ্টেম্বরে দুই দফায় আকিবকে প্রায় এক লাখ টাকা পাঠাতে বাধ্য করা হয়। এছাড়া, তাঁর আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগকারী প্রতিষ্ঠান ‘মিগ্রেলো’ ছেড়ে দেওয়ার জন্য তাঁকে ও তাঁর সহযোগীদের ওপর চরম চাপ সৃষ্টিসহ বিপুল পরিমাণ চাঁদা দাবি করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের সমর্থক, নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অভিযোগ অনুযায়ী, এ রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সারা দেশে দলটির প্রায় ২ কোটি সমর্থক-নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ১০ হাজার নেতাকর্মী নিহত হয়েছেন। ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনসহ বীর মুক্তিযোদ্ধা ও সমমনাদের বাসভবনে হামলা-লুটপাট তারই ধারাবাহিকতা।

বর্তমানে আকিবের আশঙ্কা, অতীতের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি দেশে ফিরলে বেআইনি আটক, মিথ্যা মামলা এবং মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হতে পারেন, যা তাঁর জীবনকে ঝুঁকির মুখে ফেলবে। চট্টগ্রাম থেকে কুমিল্লায় পালিয়েও রক্ষা না পাওয়ায় দেশের কোথাও ছদ্মবেশে নিরাপদ থাকা অসম্ভব বলে তিনি মনে করছেন। এই পরিস্থিতির কারণে আকিব এবং তাঁর পুরো পরিবারের স্বাভাবিক জীবনযাপন বর্তমানে সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।