
ছবি: সংগৃহীত
ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের আমল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগের ১২৬ জন নেতা-কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিরাজুল হক।
অস্ট্রেলিয়ার সিডনির রকডেলে অবস্থিত ‘রেড রোজ ফাংশন সেন্টারে’ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন। অনুষ্ঠানটি ছিল অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর বার্ষিক সাধারণ সভা।
ডক্টর সিরাজুল হক তাঁর বক্তব্যে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "দেশে বর্তমানে যে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই ধারা অবিলম্বে বন্ধ করতে সাংবাদিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" বাংলাদেশকে রাজনৈতিক ও সামাজিক ধ্বংসের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি প্রবাসে কর্মরত সাংবাদিকদের প্রতি সৎ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে তাদের পেশাগত দায়িত্ব পালনের অনুরোধ জানান।
সিডনির এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। ড. সিরাজুল হকের এই চাঞ্চল্যকর ও বিস্ফোরক বক্তব্য উপস্থিত প্রবাসীদের মাঝে ব্যাপক আলোড়ন এবং আলোচনার সৃষ্টি করেছে।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নের ওপর জোর দেন। একই সাথে তারা দেশে এবং প্রবাসে একটি সুস্থ ধারার রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।