News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
ক্রীড়া ডেস্ক প্রথম পাতা 2026-11-08, 7:31am

মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের অপরাজিত ২৪২

ridoy-6c28d5587213b2bdb5eac30fa1cf066e1794101479.jpg


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় অপরাজিত ২৪২ রান করেন হৃদয়। তার অসাধারণ ইনিংসে ভর করে বড় বিপর্যয় কাটিয়ে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এর মধ্য দিয়ে ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের করা ২১৯ রানের রেকর্ড ভেঙেছেন হৃদয়। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক টেস্ট শতককেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন তিনি।

বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার হৃদয়। এর আগে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল এ কীর্তি গড়েছেন। মুশফিকের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি।

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি ছক্কা হাঁকানোর ক্ষেত্রেও অনন্য কীর্তি গড়েছেন হৃদয়। তার ১১টি ছক্কা টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে দিয়েছে। এ তালিকায় ১২টি করে ছক্কা নিয়ে সবার ওপরে রয়েছেন ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সওয়াল। বাংলাদেশের হয়ে আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে সাতটি ছক্কা মেরেছিলেন তিনি।

দলীয় সংগ্রহে অবদানের দিক থেকেও নতুন রেকর্ড গড়েছেন হৃদয়। বাংলাদেশের ৩৮৬ রানের মধ্যে একাই করেছেন ২৪২ রান, যা দলের মোট সংগ্রহের ৬২ দশমিক ৬৯ শতাংশ। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসের করা ২৫ রান ছিল এক ইনিংসে দলের মোট রানের সর্বোচ্চ ৫৮ দশমিক ১৩ শতাংশ।

বাউন্ডারি থেকে রান সংগ্রহেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন হৃদয়। তার ইনিংসে চার ও ছক্কা থেকে এসেছে ১৫৪ রান। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের ২১৭ রানের ইনিংসে ৩১টি চারের মাধ্যমে করা ১২৪ রান ছিল সর্বোচ্চ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন হৃদয়ের দখলে। ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল হাসান জয়ের করা ১৭১ রানকে ছাড়িয়ে গেছেন তিনি।

ম্যাচে ৬ উইকেটে ১৮৪ রান নিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে নিচের সারির ব্যাটারদের নিয়ে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন হৃদয়। সপ্তম উইকেট পতনের পর শেষ তিন উইকেটে বাংলাদেশ যোগ করে ২০২ রান। টেস্টের এক ইনিংসে শেষ তিন উইকেট থেকে বাংলাদেশের এটিই সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন উইকেটে ১৯৮ রান করেছিল দলটি।

এ ছাড়া এক দিনে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন হৃদয়। দিনের খেলা শুরু করেছিলেন ২৯ রানে অপরাজিত থেকে। দিন শেষে তার সংগ্রহে যোগ হয় আরও ২১৩ রান। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনে ২১২ রান করে রেকর্ডটি গড়েছিলেন সাকিব আল হাসান।