News update
  • ‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’     |     
  • সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের     |     
  • সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল     |     
  • নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ     |     
  • শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ     |     
সিডনি প্রতিনিধি: প্রথম পাতা 2026-11-08, 1:59pm

সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের

iqbal-77ae04ccadbb21e8e3410f64e4533d761794124799.jpg

ছবি: সংগৃহীত


বাংলাদেশের প্রবীণ সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, ডিবিসি নিউজ টেলিভিশন এর সাবেক চেয়ারম্যান, ডেইলি অবজারভার সম্পাদক  এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত ৩৫ জন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক।

এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ ইকবাল সোবহান চৌধুরীর আটক ও কারাবন্দিত্বের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত মুক্তি এবং আইনগত ও মানবিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা, ঐক্য এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সাংবাদিক সমাজের নেতৃত্বে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত বিশ্বাস কিংবা অতীতের রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার ও আইনের সমান সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

তাঁরা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য ভিত্তি। সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও মানবিক বিবেচনা কামনা করেন। একই সঙ্গে তাঁরা তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত এবং প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদানের আহ্বান জানান।

বিবৃতিদাতারা আশা প্রকাশ করেন, বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বিবৃতিতে স্বাক্ষরকারী অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিক হলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি মো: রহমতউল্লাহ, অস্ট্রেলিয়া টাইমসের সম্পাদক আব্দুল মতিন, ঢাকা সিডনি ইনসাইডার এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. সিরাজুল হক, প্রধান সম্পাদক আজাদ কবির, কলামিস্ট ও দ্যা সোর্স নিউজ বাংলার প্রধান সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন, আল নোমান শামীম প্রকাশক সম্পাদক মুক্তমঞ্চ পত্রিকা, দৈনিক বঙ্গলোকের সম্পাদক ও বিএফইউজে এর সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, প্রবীণ ফটোসাংবাদিক এলেন খান, প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ, লেখক ড. রতন কুণ্ডু, মাল্টিমিডিয়া কন্টেন্ট উপস্থাপক  ড. মোল্লা হক, লেখক কায়সার আহমেদ, সিডনি বেংগলিজ এর সেলিমা বেগম, দিনলিপি এর এস এম দিদার হোসেন,  ফটোসাংবাদিক আকাশ দে, ফটোসাংবাদিক ফাহাদ আসমার, ফটোসাংবাদিক আবুল বাশার রিপন, প্রসাধন বিষয়ক লেখিকা মোমেনা সরকার বিউটি, লেখক জিয়াউল কবির জিহন, জন্মভূমি টিভি এর মোহাম্মদ জসিম উদ্দিন, ফটোসাংবাদিক আবু তারিক, ক্র‍্যাব এর সদস্য খলিলুর রহমান স্টালিন, সিলেট ভিউ ২৪ এর মোহাম্মদ ইদ্রিছ আলী, গবেষক কলামিস্ট পমেহেদী হাসান, লেখক আরিফুর রহমান, লেখক নাদেরা সুলতানা নদী, কবি আশরাফ কবির, দৈনিক ইনকিলাবের সাবেক সাব-এডিটর সুলতানা সুফিয়া মিতু, দৈনিক কালের সমাজের অস্ট্রেলিয়া প্রতিনিধি আসাদুল্লাহ শাকিল,   সংবাদ প্রতিদিনের হাসান এইচ তাজবির, জাগরণ বার্তার তানজি আক্তার,  ফটোসাংবাদিক প্রদীপ কুমার শীল, লেখক পল সি মধু, লেখক বোরহানুল হক।