
ছবিঃ সংগৃহীত
রাজধানীর লালবাগে বন্ধুর কাছে ৩ লাখ টাকা পাওনা দাবি করায় শেখ ওয়াসিম রনি (৪৬) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুম করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
জমি কেনাবেচার মধ্যস্থতাকারী শেখ ওয়াসিম রনি গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর ভাই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে নেমে রনির মুঠোফোনের সূত্র ধরে তাঁর বন্ধু মাসুমকে আটক করে পুলিশ। নিখোঁজের পর সাধারণ ডায়েরি করার সময়ও মাসুম থানায় উপস্থিত ছিলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুম স্বীকার করেন যে রনি তাঁর কাছে ৩ লাখ টাকা পেতেন এবং ওই টাকার জন্য চাপ দিচ্ছিলেন। গত মঙ্গলবার টাকা দেওয়ার কথা বলে রনিকে নিজের বাসায় ডেকে নেন মাসুম। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রনিকে হত্যা করা হয়।
হত্যার পর অভিযুক্ত ব্যক্তি লাশ গুম করার উদ্দেশ্যে তা মাটিচাপা দিয়ে রাখেন। পরে আসামির দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।