
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কার পর উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে হানিফ পরিবহনের বাস ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে দুপুরে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি বিকল বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।