
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তার বিদায়ের পর আগামী আসরের জন্য নতুন প্রধান কোচ খুঁজতে হবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের।
জয়াবর্ধনে প্রথম দফায় ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনে তিনবার আইপিএলের শিরোপা জেতে দলটি। এরপর ২০২৪ সালের আসরে মুম্বাইয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর ২০২৫ সালে আবারও কোচের দায়িত্বে ফেরেন তিনি। সে সময় দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হন এই শ্রীলঙ্কান কিংবদন্তি।
তবে দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে মুম্বাইকে শিরোপা জেতাতে পারেননি জয়াবর্ধনে। ২০২৫ ও ২০২৬ সালের আসরে পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করে দলটি। শেষ পর্যন্ত কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
বিদায়বেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জয়াবর্ধনে বলেন, গত এক দশক ধরে মুম্বাই ইন্ডিয়ান্স তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। খেলোয়াড় ও কোচ হিসেবে দলটির সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তিনি। দলটিকে পরিবারের মতো উল্লেখ করে এই অভিজ্ঞতা আজীবন মনে রাখার কথাও জানান।
তিনি আরও বলেন, একসঙ্গে অর্জন করা সাফল্য নিয়ে তিনি গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকবে। আগামী দিনগুলোতে দলটির সাফল্যও কামনা করেন তিনি।
জয়াবর্ধনেকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানী। তিনি বলেন, দলের সাফল্যে জয়াবর্ধনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার নেতৃত্ব, দায়বদ্ধতা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতি ভালোবাসার প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান তিনি।
জয়াবর্ধনের বিদায়ের পর আইপিএলের ২০২৭ সালের আসর সামনে রেখে নতুন প্রধান কোচ নিয়োগ দিতে হবে মুম্বাইকে। নভেম্বরের মাঝামাঝি সময়ে খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার আগে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার চ্যালেঞ্জ রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির সামনে।
নতুন কোচ হিসেবে আলোচনায় রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইক হাসি, যিনি বর্তমানে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়োইন মরগানের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।
তবে জয়াবর্ধনের উত্তরসূরি হিসেবে শেষ পর্যন্ত কাকে বেছে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।