News update
  • গুলশানে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু, ৯ লাখ টাকায় আসামিদের সঙ্গে আপোস     |     
  • টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের     |     
  • জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড     |     
  • যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের     |     
নিজস্ব প্রতিবেদক রাজধানী ও শহরতলী 2026-09-03, 6:15am

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

mirja-abbas-2900f133c44c8931b55063c9ace152ff1788394500.jpg


সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।


বুধবার রাত সোয়া ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন।


মির্জা আব্বাসের দেশে ফেরার খবর পেয়ে আগে থেকেই বিমানবন্দরে জড়ো হন বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাঁরা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পর মির্জা আব্বাস দেশে ফিরেছেন। দীর্ঘ চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে দেশে ফেরার পরও তাঁকে চিকিৎসাধীন থাকতে হবে এবং প্রতিদিন থেরাপি নিতে হবে।


গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। ওই দিন গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ মার্চ তাঁর মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়।


উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১৩ এপ্রিল পর্যন্ত তাঁর চিকিৎসা চলে। এরপর চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।


মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসকে পরে একটি বিশেষায়িত পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তিনি নিয়মিত ফিজিওথেরাপি নেন। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন শেষে বুধবার রাতে দেশে ফেরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।