
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে আসা ১৪৭ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর এক দিনেই দেশে ৯ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৩৫ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৩৭ কোটি ৫০ লাখ ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়লে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ে।