
হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ওই পোস্টে দাবি করা হয়, পপি নাকি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
পপিকে উদ্ধৃত করে দেওয়া এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে ভাইরাল হওয়া বক্তব্যটি সম্পূর্ণ ভুল ও বিকৃত বলে দাবি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পপি বলেন, ‘আমি কেন এ ধরনের কথা বলব? ফিল্মকে কখনো আমি পাপ বলিনি। এটা আমার পেশা। জীবিকার তাগিদে ফিল্মে কাজ করেছি। আমার উপার্জিত অর্থে পরিবার চলেছে।’
পপি জানান, পরিবারের কিছু মানুষের জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়ার প্রসঙ্গেই তিনি ‘পাপ’ শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ তাঁর।
পপির ভাষ্য, ‘কিছু অমানুষকে লালনপালন করেছি। নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সেটা আমার জন্য পাপ ছিল। কথাটি এই অর্থে বলেছিলাম। পরিবারের প্রতি ক্ষোভ থেকে কথাগুলো যেভাবে বলেছিলাম, সেভাবে গণমাধ্যমে আসেনি। সম্পূর্ণ ভিন্নভাবে আমাকে অপমান করে সবাই ভাইরাল করেছে।’
চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে পপি বলেন, ‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র একটি জায়গা। এই পবিত্র জায়গা থেকে টাকা উপার্জন করে আমার পরিবার চালিয়েছি। সেই জায়গাকে কখনো আমি ছোট করতে পারব না। বরং সবসময় ফিল্মকে সম্মানের চোখেই দেখি।’
শিল্পী ও শিল্পের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, একজন শিল্পী হঠাৎ করে তৈরি হন না। অনেক ত্যাগ, পরিশ্রম ও সংগ্রামের মধ্য দিয়ে একজন শিল্পী গড়ে ওঠেন। তাই কাউকে নিয়ে মন্তব্য বা সংবাদ প্রকাশের আগে তাঁর দীর্ঘ ক্যারিয়ার ও অবদান বিবেচনা করা উচিত।
পপি বলেন, ‘আমরা দর্শকদের জন্য কাজ করেছি। আমাকে নিয়ে দুই লাইন লেখার আগে চিন্তা করা দরকার ছিল, আসলে আমি কেমন। ফিল্মে আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ার। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? আমি এখন ফিল্মে কাজ করি না, ঠিক আছে। তার মানে আমাকে নিয়ে যা-তা বলা ঠিক হবে না।’
চলচ্চিত্রে কাজ না করলেও দীর্ঘদিনের অর্জন ও সম্মান মুছে যাবে না বলেও মন্তব্য করেন পপি। তাঁর কথায়, ‘ফিল্ম থেকে চলে গেলেই সম্মান চলে যাবে? এত বছর যা অর্জন করেছি, তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যেভাবে কটাক্ষ করে কথাগুলো ছড়ানো হয়েছে, তা এভাবে বলিনি। আমার কথা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, ফিল্ম আমার কাছে সবচেয়ে সম্মানের জায়গা, দ্বিতীয় পরিবার।’
দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র থেকে পাওয়া ভালোবাসা ও সাফল্যের কথাও স্মরণ করেন পপি। ইন্ডাস্ট্রির মানুষের অবদান কখনো ভুলতে পারবেন না জানিয়ে তিনি বলেন, প্রায় তিন দশক ধরে চলচ্চিত্রে সময় দিয়েছেন। চলচ্চিত্রের মানুষদের সঙ্গে যতটা সময় কাটিয়েছেন, অনেক ক্ষেত্রে পরিবারের সঙ্গেও ততটা সময় কাটানো হয়নি।
পপির ভাষায়, ‘আজ আমার যা কিছু হয়েছে, ফিল্ম থেকেই হয়েছে। যতটা সময় ফিল্মের মানুষদের সঙ্গে ছিলাম, তা পরিবারের সঙ্গেও থাকিনি। তাদের কীভাবে অস্বীকার করব? প্রায় তিন দশক ফিল্মে দিয়েছি। ফিল্ম ভালো না বাসলে, সম্মান না করলে তো কাজ করতে পারতাম না।’
এ সময় বরেণ্য অভিনেত্রী শাবানার উদাহরণও টানেন পপি। তিনি বলেন, অনেক বছর অভিনয় থেকে দূরে থাকলেও একজন শিল্পীর প্রাপ্য সম্মান কমে যায় না। তাঁর প্রশ্ন, ‘শাবানা ম্যাডাম অনেক বছর ধরে ফিল্মে কাজ করেন না, তাই বলে তাঁর প্রাপ্য সম্মান দেব না? কাজ করছি না বলে এখন আমাকেও অসম্মান করা হবে?’
বর্তমানে সংসার ও ধর্মীয় অনুশাসন পালনে সময় দিচ্ছেন বলেও জানান পপি। তিনি বলেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে আগে অনেক সময় কাজা নামাজ পড়তে হলেও এখন সময়মতো নামাজ আদায় করছেন। নিয়মিত নামাজ-রোজা পালনেরও চেষ্টা করছেন তিনি।
এ প্রসঙ্গে পপি বলেন, ‘আমি তো পাপ কিছু করছি না। আর পাপ বলতে এরা কী বোঝাতে চায়? শিক্ষিত মানুষ কখনো শিল্পীদের ছোট করতে পারে না।’
ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে পপি অনুরোধ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ব্যাখ্যার কারণে যেন তাঁকে ভুল না বোঝা হয়। চলচ্চিত্রের মানুষদের নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর মুখ থেকে কোনো বাজে কথা বের হবে না বলেও জানিয়েছেন তিনি।
দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন পপি। বর্তমানে ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গেও তাঁর যোগাযোগ অনেকটাই সীমিত। তবে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
আপাতত সংসারেই মন দিতে চান পপি। অদূর ভবিষ্যতে অভিনয়ে ফেরার পরিকল্পনা না থাকলেও প্রযোজনায় আসার আগ্রহ রয়েছে তাঁর।