
কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতাও কিছুটা প্রশমিত হতে পারে।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।
এদিকে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।