
ছবিঃ সংগৃহীত
৩১ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম
মাগুরার বহুল আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ ৩১ আগস্ট, ২০২৬ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালত আসামির ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন গ্রহণ করে তার আপিল ও জেল আপিল খারিজ করে দেন।
২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। ধর্ষণের পর তাকে হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
দণ্ডপ্রাপ্ত হিটু শেখ সম্পর্কে শিশু আছিয়ার বড় বোনের শ্বশুর। ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। সাক্ষ্য-প্রমাণ না থাকায় মামলার অন্য ৩ আসামি হিটু শেখের স্ত্রী ও দুই ছেলে খালাস পান। নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ বেঞ্চে গত ১১ আগস্ট থেকে এই ডেথ রেফারেন্সের শুনানি অগ্রাধিকারের ভিত্তিতে শুরু হয়েছিল।