
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক ও ফুটবল তারকা লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ বার্তায় জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান মেসি।
বার্তায় মেসি বলেন, দীর্ঘ সময় ধরে ভেবেচিন্তেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে ক্যারিয়ারজুড়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন তার আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। একই সঙ্গে জাতীয় দলে উঠে আসা তরুণ ফুটবলারদের জন্য জায়গা করে দেওয়ার কথাও জানান তিনি।
মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই তিনি বিদায়ী বার্তাটি লিখেছিলেন। তবে বাবার মৃত্যুর পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হন।
বিদায়ী বার্তায় গত ২০ বছর ধরে সমর্থন দেওয়ার জন্য আর্জেন্টিনার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। পাশাপাশি পরিবার, কোচ, সতীর্থ ও জাতীয় দলের কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির ক্যারিয়ার ছিল সাফল্যে ভরপুর। তার নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকাসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এছাড়া ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণপদকও রয়েছে তার অর্জনের তালিকায়।
বিদায়ী বার্তার শেষদিকে আবেগঘন হয়ে মেসি লেখেন, ‘ধন্যবাদ ঈশ্বর, আমাকে আর্জেন্টাইন করার জন্য। ভামোস আর্জেন্টিনা।’
দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতানোর পর মেসির এই বিদায় বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে আবেগের সৃষ্টি করেছে।