News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-09-18, 11:40pm

ঠাকুরগাঁও-১: তিন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিল বিএনপি

bnp-9cdaaed716080cf038f191fb40196f761789753236.jpg


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত পরে জানানো হবে।

দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকই মনোনয়ন বোর্ডের বৈঠক হিসেবে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এ বৈঠকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়ায় সভাপতিত্ব করেন।

সাক্ষাৎকার শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত পরে জানানো হবে।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

মির্জা ফয়সাল আমিন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তিনজনই ১৬ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর।

তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের পর দলটির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।