News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-09-19, 7:21am

আজ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দাবিতে কর্মসূচি, পথে পাঁচটি পথসভা

11-doliyo-jote-0ac000942f416a0c187b7c0731f509311789780871.jpg


গণভোটের গণরায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি সফল করতে লংমার্চের রুটে থাকা বিভিন্ন জেলা ও মহানগরে প্রস্তুতি নেওয়া হয়েছে।

লংমার্চের বহর রংপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে সকাল ৮টার দিকে সেখান থেকে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। পথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির সমাপনী সমাবেশ হবে রংপুর জিলা স্কুল মাঠে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছিল ১১ দলীয় ঐক্য। পরে রংপুরের কর্মসূচিতে নতুন দাবি যুক্ত করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কূটনৈতিক চ্যানেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

গোলাম পরওয়ার দাবি করেন, ঢাকা-রংপুর লংমার্চে অংশ নিতে বিপুলসংখ্যক মানুষ প্রস্তুতি নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, লংমার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হতে পারে। পথের বিভিন্ন স্থানে নারীসহ সাধারণ মানুষ লংমার্চকে অভিবাদন জানাবেন বলেও তিনি দাবি করেন।

লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকারের সহযোগিতা চেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

পাশাপাশি সরকারি দল, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

দেশবাসী ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে লংমার্চে অংশ নেওয়ার আহ্বানও জানান জামায়াতের এই নেতা।

এর আগে শুক্রবার বিকেলে লংমার্চের উদ্বোধনী সমাবেশস্থল মানিক মিয়া এভিনিউ পরিদর্শন করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ড. রেজাউল করিম, ড. হেলাল উদ্দিনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আজকের কর্মসূচিতে মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর পর্যন্ত বিভিন্ন স্থানে লংমার্চের বহরকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি রয়েছে। রংপুর জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।