News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-09-20, 8:54am

অপ্রতিম হত্যাকাণ্ডে আটক শাহরিয়ার আনাসের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

989879-a1335006c4861435489fce21a86ce4331789872844.jpg


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়ার আনাসের (১৮) একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

আটকের কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদমাধ্যমের প্রকাশিত খবরের ফটোকার্ড শেয়ার করেন আনাস। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাদের কাছে দামি জিনিস, তার জীবনের জন্য হুমকিস্বরূপ।’

পোস্টে আনাস আরও লেখেন, ‘আল্লাহ তার মা-বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।’

অপ্রতিমের সঙ্গে নিজের পরিচয়ের কথাও পোস্টে উল্লেখ করেন আনাস। তিনি লেখেন, ‘মাঝেমধ্যে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বলত, ভাই কই আছো, ছবি তুলব কয়েকটা। আসলে এগুলো ভেবে এখন খারাপই লাগতেছে।’

পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টার পর আনাসকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টটি ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে আলোচনা শুরু হয়।

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপ্রতিমের সঙ্গে ঘোরাফেরা করা প্রথম সন্দেহভাজন তুহিনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শাহরিয়ার আনাসকে আটক করা হয়েছে।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিন ও আনাস ছাড়াও ফাহিম নামে আরও একজনকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার রাত পৌনে ১২টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ফাহিমের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের পাশে সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) ও শাহরিয়ার আনাসকে আটক করা হয়েছে। আইফোন নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা পুলিশ।