
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে কে বা কারা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আগুনে পুড়তে থাকা বগিটি দাউদাউ করে জ্বলছিল এবং চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন।
আগুনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।