
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরণের পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। নিহত সাতজনের মধ্যে পাঁচজনের মরদেহ আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত অপর দুজনের মধ্যে সালমা নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত অপর ব্যক্তি বুলবুল। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ঘটনায় আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।