
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। সভাপতির দপ্তরের কর্মকর্তাদের তালিকায় তার নাম ও পদবি উল্লেখ রয়েছে।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। আইন বিষয়ে পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে। পরে যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমান মূলত আইনি বিষয়গুলো দেখভাল করবেন। ওই দপ্তরে বিভিন্ন দেশের কর্মকর্তারা নির্বাহী ও পরামর্শক পর্যায়ের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, জার্মানি, কানাডা, জাপানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও সেখানে রয়েছেন।
দপ্তরটির প্রধান বা শেফ দ্য ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করবেন সেনেগালের নাগরিক জিবরিল দিয়ালু। জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিন দশকের বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
বাংলাদেশিদের মধ্যে আবদুল আলিম উপপ্রধানের দায়িত্ব পালন করছেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করছেন। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ পরিস্থিতিতে থাকা দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সভাপতিত্বে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেন তারেক রহমান।
জাইমা রহমানের আইন বিষয়ে উচ্চশিক্ষা কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে। তিনি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রিও অর্জন করেছেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আইন ও নীতিসংক্রান্ত কাজে যুক্ত হলেন জাইমা রহমান।