News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-20, 12:12am

ওপেনএআইয়ের সাবেক কর্মীর বিরুদ্ধে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ, সৌদি সংশ্লিষ্টতার দাবি

ai-4921c0e2d1f6005abe1f9ec2e20419091792433533.jpg


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের নির্বাহী পর্যায়ের বৈঠকে আড়িপাতার উদ্দেশ্যে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগে অভিযুক্ত সাবেক এক কর্মীর সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগাযোগ ও সহযোগিতার তথ্য পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলিরা।

সোমবার (১৯ অক্টোবর) আদালতে দাখিল করা নথির বরাতে জানা গেছে, অভিযুক্ত আবদুর রহমান আলফোজান (৩৫) সৌদি রাজপরিবারের এক সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এ ছাড়া গ্রেপ্তারের পর তার স্ত্রী ও ছোট ছেলেকে সৌদি আরবে পাঠানোর জন্য দেশটির এক সামরিক কর্মকর্তা একমুখী বিমানের টিকিটের খরচ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন কৌঁসুলিরা।

আলফোজান সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। তিনি ওপেনএআইয়ের সান ফ্রান্সিসকো কার্যালয়ে প্রকৌশলী হিসেবে কাজ করতেন। নির্বাহী পর্যায়ের একটি সম্মেলনকক্ষে টেলিভিশনের পেছনে ইউএসবি পোর্টে গোপন অডিও রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগে গত সপ্তাহে তার বিরুদ্ধে মামলা করা হয়।

আদালতে দাখিল করা নথিতে কৌঁসুলিরা বলেন, আলফোজান গোপনে গুরুত্বপূর্ণ বৈঠকের কথোপকথন ধারণের জন্য বিশেষভাবে তৈরি ও এনক্রিপ্ট করা রেকর্ডিং ডিভাইস ব্যবহারের চেষ্টা করেছিলেন। এসব বৈঠকে ওপেনএআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, প্রতিষ্ঠানের নির্বাহী, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতি ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আলফোজানকে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেছেন কৌঁসুলিরা। তাদের যুক্তি, সৌদি আরবের সঙ্গে তার যোগাযোগ, সেখানে যাওয়ার পরিকল্পনা এবং পরিবারের সদস্যদের দেশটিতে ফিরে যাওয়ার ঘটনা বিবেচনায় তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে যেতে পারেন।

আদালতের নথিতে আরও বলা হয়েছে, সৌদি আরবে এআই-সংশ্লিষ্ট একটি উদ্যোগে কাজ করার সুযোগ নিয়ে দেশটির রাজপরিবারের এক সদস্যের সঙ্গে আলফোজানের আলোচনা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ওপেনএআই গত ৩০ সেপ্টেম্বর তাদের কার্যালয়ের একটি সম্মেলনকক্ষে ডিভাইসটি শনাক্ত করার পর বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে জানায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে গোপনে রেকর্ডিংয়ের আরও ডিভাইস স্থাপনের পরিকল্পনার প্রমাণ পাওয়া গিয়েছিল এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে প্রতিষ্ঠানের মডেলের ওজনসংক্রান্ত তথ্য, সোর্স কোড কিংবা গ্রাহকদের তথ্য অননুমোদিতভাবে সংগ্রহ বা বাইরে সরিয়ে নেওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে ওপেনএআই।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। প্রয়োজনে আলফোজানের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: রয়টার্স