
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের অবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
রোববার সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে দুই প্রতিমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা রোগীরা নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং হাসপাতালের সেবার মান সম্পর্কে রোগী ও স্বজনদের কাছ থেকে জানতে চান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোগীদের খাবারের মানও যাচাই
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রস্তুত ও পরিবেশন করা খাবারের মান ও পরিমাণও সরেজমিনে পরীক্ষা করেন দুই প্রতিমন্ত্রী। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাণে এবং মানসম্মত খাবার দেওয়া হচ্ছে কি না, তা তারা পর্যবেক্ষণ করেন।
পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্রের পরিবেশ ঘুরে দেখেন তারা। রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা হচ্ছে কি না, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেও এ বিষয়ে খোঁজ নেন।
পরিদর্শন শেষে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, চিকিৎসাসেবার পরিবেশ আরও উন্নত করা এবং রোগীদের জন্য রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেন দুই প্রতিমন্ত্রী।
একই সঙ্গে রোগীদের খাবার সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারি করার নির্দেশ দেওয়া হয়।