News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক 2026-09-14, 7:34am

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ, শোকজ আরও ১০০

madrasa-f9f6ca898aec81ced8363e81347b05331789349688.jpg


ভারতের পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।


রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


রাজ্যের সংখ্যালঘুবিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিদর্শনের পর প্রথম ধাপে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি, প্রশাসনিক অনিয়ম এবং নির্ধারিত শিক্ষাক্রম অনুসরণ না করার মতো বিষয় পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


শোকজ পাওয়া মাদ্রাসাগুলোকে তাদের বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। সন্তোষজনক প্রমাণ দিতে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হতে পারে।


কোন জেলায় কত মাদ্রাসা


প্রতিবেদন অনুযায়ী, বন্ধের নোটিশ পাওয়া ২৫২টি মাদ্রাসার বড় একটি অংশ খারিজি মাদ্রাসা। এর মধ্যে মালদহে ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।


রাজ্যের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, শোকজ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে বৈধ অনুমোদন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতিপত্র দেখাতে হবে। তা না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


২২ জেলায় চালানো হয় পর্যালোচনা


এর আগে পশ্চিমবঙ্গজুড়ে স্বীকৃত ও অস্বীকৃত মাদ্রাসার সংখ্যা, পরিচালনব্যবস্থা ও নিবন্ধনের অবস্থা যাচাই করতে জরিপ চালানো হয়। কলকাতাসহ ২২টি জেলায় রাজ্যের সংখ্যালঘুবিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এ পর্যালোচনা করে।


এ সময় মাদ্রাসাগুলোর পরিচালনব্যবস্থা, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা, অর্থের উৎস এবং নিবন্ধনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।


দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে বৈধ অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসার সংখ্যা প্রায় ২ হাজার ১৩২টি। অন্যদিকে অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি বলে জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী।


রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক


মাদ্রাসাগুলোর বিরুদ্ধে সরকারের এ পদক্ষেপ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সীমান্তবর্তী এলাকায় ‘উগ্রপন্থার’ প্রবণতা বাড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার আড়ালে ‘দেশবিরোধী কর্মকাণ্ড’ ঠেকানো সরকারের দায়িত্ব।


বিজেপি নেত্রী ও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও সরকারের পদক্ষেপকে সমর্থন করেছেন।


তবে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, মাদ্রাসা মূলত একটি শিক্ষাব্যবস্থা। তাই মাদ্রাসাগুলোকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে মন্তব্য করা ঠিক নয়।


রাজ্য সরকারের এই পর্যালোচনার ফলে অননুমোদিত ও নিয়ম না মেনে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে বন্ধের নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষে নেওয়া হবে।