
লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির টায়ার শহরের দক্ষিণে আল-কানতারা ও আল-মানসুরি এলাকায় হামলার পাশাপাশি কয়েকটি সীমান্তবর্তী অঞ্চলেও গোলাবর্ষণ ও গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের শব্দ ও কম্পন আশপাশের গ্রামগুলোতেও অনুভূত হয়। এ ছাড়া হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ এবং শহরটির বিভিন্ন এলাকায় তীব্র কামান হামলার খবর পাওয়া গেছে।
বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছ থেকেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে এনএনএ। একই সঙ্গে বিন্ত জুবাইল জেলার বেইত লিফের কাছে ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক এসব হামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
গত কয়েক মাস ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে। এ সময় বিভিন্ন গ্রাম ও সীমান্তবর্তী এলাকায় বেসামরিক মানুষের ওপর হামলা এবং তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করার অভিযোগও উঠেছে। সংঘাতের কারণে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
লেবানন-ইসরাইল সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে। অঞ্চলটির বিভিন্ন সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ লেবাননের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।