News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক 2026-09-20, 8:57am

মারিবে হুতিদের অনুপ্রবেশ ঠেকিয়ে ১২ যোদ্ধা নিহতের দাবি

maribe-27213bc37f82480f61249bf7fb5215251789873051.jpg


ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ মারিব প্রদেশে হুতি বিদ্রোহীদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার সময় ১২ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেন সরকার জানিয়েছে, মারিবের দক্ষিণে আল-ফালিহা এলাকায় সরকারি বাহিনীর প্রতিরক্ষা অবস্থানে ঢোকার চেষ্টা করেন হুতি যোদ্ধারা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে হুতিদের পিছু হটতে বাধ্য করা হয়। এতে আরও কয়েকজন হুতি যোদ্ধা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, মারিবের আশপাশের বিভিন্ন ফ্রন্টে হুতিরা যোদ্ধা ও তাদের মিত্র উপজাতীয় গোষ্ঠীগুলোকে সংগঠিত করছে। তেল ও জ্বালানি সম্পদে সমৃদ্ধ অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে তারা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি বাহিনীও বিভিন্ন প্রতিরক্ষা অবস্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

এদিকে মারিবের বিভিন্ন এলাকায় হুতিদের অবস্থান ও তাদের শক্তিবৃদ্ধির জন্য আসা সেনাদের লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে একাধিক বিমান হামলা চালানো হয়েছে।

মারিবে নতুন করে সংঘর্ষের ঘটনা ইয়েমেনের অন্যান্য ফ্রন্টেও লড়াই তীব্র হওয়ার সময় ঘটল। সামরিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ ও পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উভয় পক্ষের যোদ্ধারা রয়েছেন।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের সূত্রপাত ২০১৪ সালের শেষ দিকে। ওই সময় হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করে।

এরপর থেকে ইয়েমেনে সংঘাত অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।