News update
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
  • পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা     |     
Bangolok Desk আন্তর্জাতিক 2026-09-22, 5:49pm

সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনের সাফল্য

66b66cc5-2f0d-4933-b7c6-1e0595fe81db_fd8587c2-25341092da085119a0e4993b51353b9e1790077746.jpg

ছবি- সংগৃহীত


সমুদ্রের পানির ১০ মিটার গভীরে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনের বিজ্ঞানীরা। পানির নিচে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের প্রযুক্তি উন্নয়নে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দক্ষিণ চীন সাগরের ওয়েইঝৌ দ্বীপের কাছে বিশেষভাবে তৈরি পেরোভস্কাইট সৌর মডিউলের পরীক্ষা চালান। পানির নিচে ব্যবহারের উপযোগী করে তৈরি এসব সৌরকোষ সমুদ্রের পানির মধ্য দিয়ে প্রবেশ করতে সক্ষম নীল ও সবুজ আলোক তরঙ্গ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

গবেষণার অংশ হিসেবে সৌর প্যানেলগুলো ২, ৬ এবং ১০ মিটার গভীরে পরীক্ষা করা হয়। ১০ মিটার গভীরতায় দুই ঘণ্টার পরীক্ষায় প্যানেলটি প্রায় ৩২৪ মিলিওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করে। ওই বিদ্যুৎ দিয়ে লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করার পর একটি এলইডি প্যানেলও চালানো হয়।

গবেষণাগারে ১০ মিটার গভীর সমুদ্রের আলো অনুকরণ করে পরিচালিত পরীক্ষায় সৌরকোষটির বিদ্যুৎ রূপান্তর দক্ষতা ৩৪.৭১ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে। পানির নিচে দীর্ঘ সময় ব্যবহারের উপযোগিতা যাচাই করতেও বিভিন্ন পরীক্ষা চালিয়েছেন গবেষকরা।

গবেষকদের মতে, ভবিষ্যতে এই প্রযুক্তি পানির নিচে থাকা সেন্সর, পরিবেশ পর্যবেক্ষণ যন্ত্র, যোগাযোগ সরঞ্জাম এবং স্বয়ংক্রিয় ডুবোযানে বিদ্যুৎ সরবরাহে ব্যবহার করা যেতে পারে। এতে ঘন ঘন ব্যাটারি পরিবর্তন বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন কমতে পারে।

গবেষণাটি বৈজ্ঞানিক জার্নাল Joule-এ প্রকাশিত হয়েছে। এখন গবেষকরা আরও বেশি গভীরতায় প্রযুক্তিটি কার্যকরভাবে ব্যবহার করা যায় কি না, তা নিয়ে কাজ করছেন। তবে পানির গভীরতার সঙ্গে সূর্যের আলো কমে যাওয়া, সমুদ্রের পানিতে ক্ষয় এবং সৌর প্যানেলে সামুদ্রিক জীবের আস্তরণ জমার মতো বিষয়গুলো এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।