News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক শ্রম ও কর্মসংস্থান 2026-09-14, 7:47am

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

bangladesh-bank-2895c977da7447a329ec6699eb847dae1789350456.jpg


তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন।


রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক নীতিমালা জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নীতিমালা পাঠানো হয়েছে।


থাকছে ঋণ ও অনুদান


নীতিমালা অনুযায়ী, উদ্যোক্তার ব্যবসার প্রকৃত প্রয়োজন ও সম্ভাব্য ব্যয় যাচাই করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ‘ব্লেন্ডেড ফাইন্যান্স’ দেওয়া হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি ১০ লাখ টাকা ম্যাচিং গ্র্যান্ট বা অনুদান হিসেবে দেওয়া হবে।


অর্থাৎ, কোনো উদ্যোক্তার ব্যবসা পরিচালনা বা সম্প্রসারণে ১২ লাখ টাকা প্রয়োজন হলে তিনি ৬ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ ৬ লাখ টাকা অনুদান পাবেন। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে উদ্যোক্তার ব্যাংক হিসাবে জমা হবে।


তবে ঋণের অর্থ যথাসময়ে পরিশোধে ব্যর্থ হলে কিংবা অর্থের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে অনুদানের অংশও সুদমুক্ত ঋণে পরিণত হবে। পরে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ওই অর্থ আদায় করা হবে।


কারা আবেদন করতে পারবেন


আবেদন করার শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। একই সঙ্গে তাকে বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।


তবে ঋণখেলাপি, আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া ব্যক্তি এবং সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ কর্মসূচির আওতায় অর্থায়নের জন্য বিবেচিত হবেন না।


যেসব উদ্যোগে মিলবে অর্থায়ন


নতুন বা বিদ্যমান বিভিন্ন বৈধ ব্যবসায়িক উদ্যোগ এ কর্মসূচির আওতায় আসবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি, হস্তশিল্পসহ বিভিন্ন খাত।


বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হলো উপজেলা পর্যায় থেকেই সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণে সহায়তা করা।


আবেদন ও যাচাই প্রক্রিয়া


যোগ্য উদ্যোক্তা বাছাইয়ের জন্য প্রতিটি উপজেলায় একটি করে লিড ব্যাংক নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী তরুণরা যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।


পরে উপজেলা ও জেলা পর্যায়ের লিড ব্যাংকের মাধ্যমে আবেদনগুলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।


আবেদনকারীর ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্ভাবনা, উদ্যোগের কার্যকারিতা এবং কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা যাচাই করে উদ্যোক্তা নির্বাচন করা হবে। এ জন্য বিশেষ প্যানেল গঠন করা হবে। ওই প্যানেলে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের প্রতিনিধিদের পাশাপাশি সফল উদ্যোক্তা, শিল্প খাতের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা হবে।


চূড়ান্তভাবে নির্বাচিত উদ্যোক্তাদের ক্ষেত্রে ১৭ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করা হবে।


অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ


বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে শুধু অর্থায়নের মধ্যেই সহায়তা সীমাবদ্ধ থাকবে না। অংশগ্রহণকারী ব্যাংকগুলো উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ, মেন্টরিং এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে সহায়তা করবে।


এ ছাড়া ট্রেড লাইসেন্স গ্রহণ বা ব্যবসা নিবন্ধনের মতো প্রয়োজনীয় প্রশাসনিক কাজেও উদ্যোক্তাদের সহযোগিতা করবে ব্যাংকগুলো।


বাংলাদেশ ব্যাংকের নতুন এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণদের ব্যবসায় যুক্ত করার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।