
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ৬টি ক্যাটাগরির পদে ১০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে পৃথক দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসব পদে নিয়োগ
প্রথম বিজ্ঞপ্তিতে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদে ৪ জন, হিসাব সহকারী (ইরেসপো) পদে ৪ জন এবং মাঠসংগঠক (ইরেসপো) পদে ১৩ জন নিয়োগ দেওয়া হবে।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে হিসাবরক্ষক পদে ১৭ জন, মাঠ সংগঠক পদে ৬৭ জন এবং অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে ১ জন নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
হিসাব সহকারী (ইরেসপো) পদে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। মাঠসংগঠক (ইরেসপো) পদে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
হিসাবরক্ষক পদে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি বা সমমানের পাস থাকতে হবে। মাঠ সংগঠক এবং অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ও উইন্ডোজ পরিচালনায় জ্ঞান থাকতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ৩০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
বেতন ও গ্রেড
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদটি গ্রেড-১০-এর সাকুল্য বেতনে এবং হিসাব সহকারী ও মাঠসংগঠক (ইরেসপো) পদ দুটি গ্রেড-১৪-এর সাকুল্য বেতনে নিয়োগ দেওয়া হবে।
হিসাবরক্ষক পদে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। এ পদটি গ্রেড-১১।
মাঠ সংগঠক এবং অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা বেতন স্কেল রয়েছে। এ দুটি পদ গ্রেড-১৪।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী নাগরিকরা এসব পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিআরডিবির প্রকল্প বা কর্মসূচিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
যেভাবে আবেদন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট থেকে নির্ধারিত চাকরির আবেদন ফরম ডাউনলোড করে এ-৪ সাইজের কাগজে প্রিন্ট করতে হবে। এরপর প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও শিক্ষাগত যোগ্যতাসহ আবেদন ফরমের প্রতিটি ঘর নির্ভুলভাবে পূরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাঠানোর সুবিধার্থে প্রার্থীর বর্তমান ঠিকানা লেখা এবং ১০ টাকা ডাকটিকিটযুক্ত একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
প্রেরিত খামের ওপর স্পষ্টাক্ষরে পদের নাম, বিজ্ঞপ্তির স্মারক নম্বর এবং প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা ও সময়
পদভেদে আগামী ৮ ও ১৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনপত্র পাঠাতে হবে যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নম্বর-১, বাড়ি নম্বর-১৩৪, ফ্ল্যাট-এ৪, খুলশী, চট্টগ্রাম ঠিকানায়।
আবেদন সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পদভেদে আবেদন ফি প্রযোজ্য নয় অথবা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে ফি ও জমাদানের পদ্ধতি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
বিভাগীয় প্রার্থীদের আবেদন করার আগে কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতিপত্র নিতে হবে। মৌখিক পরীক্ষার সময় ওই অনুমতিপত্র দাখিল করতে হবে।
MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা কমানো বা বাড়ানো এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।