News update
  • বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন     |     
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক     |     
  • নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান     |     
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
বগুড়া প্রতিনিধি জাতীয় 2026-09-12, 8:45am

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

sahe-alam-5a19e0298161f0ae67f028acfbb0dcab1789181124.jpg


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণ, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।


শুক্রবার বগুড়ার শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল বাস প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দুটি স্কুল বাসের চাবি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন।


মীর শাহে আলম বলেন, শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। স্কুল বাসের ব্যবস্থা হলে এসব এলাকার শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়া সহজ হবে। একই সঙ্গে তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও বাড়বে।


এক পা হারিয়েও জিপিএ-৫


বাস প্রদান অনুষ্ঠানের পর শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে তোলে এক মানবিক মুহূর্ত। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন থেকে জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


মাহফুজের জীবনের গল্প যেমন বেদনার, তেমনি তার সাফল্যও অনুপ্রেরণার। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক দুর্ঘটনায় একটি পা হারায় সে। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পড়াশোনা কিংবা স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।


দৃঢ় মনোবল, অধ্যবসায় ও মেধার জোরে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে মাহফুজ। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তার এই সাফল্য উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।


সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মাহফুজের কাছে তার স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও পড়াশোনার বিষয়ে জানতে চান। তার জীবনের সংগ্রাম ও শারীরিক কষ্টের কথা শুনে মীর শাহে আলম তাকে উৎসাহ দেন এবং ভবিষ্যতে তার পাশে থাকার আশ্বাস দেন।


এ সময় মাহফুজের জন্য নিজের তহবিল থেকে একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তার ভবিষ্যৎ পড়াশোনার সব খরচের দায়িত্বও গ্রহণ করেন তিনি।


মীর শাহে আলম বলেন, ‘মেধা ও ইচ্ছাশক্তির কাছে কোনো প্রতিকূলতাই বড় নয়। মাহফুজের সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তার স্বপ্নপূরণের পথে আমরা পাশে থাকতে চাই।’


প্রতিমন্ত্রীর এমন উদ্যোগে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাহফুজের মতো প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে দেশের জন্য নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগাতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।