
মাত্র চার মাসে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী মো. সাজিদুর রহমান সাজিদ। ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা বাজার মসজিদ মাদ্রাসার হিফজ শাখার এই শিক্ষার্থীর এমন সাফল্যে শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ প্রশংসায় ভাসাচ্ছেন তাকে।
সাজিদ ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের আনিছুর রহমানের ছেলে। চলতি বছরের এপ্রিল মাসে আমুয়াকান্দা বাজার মসজিদ মাদ্রাসার হিফজ শাখায় ভর্তি হয় সে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, হিফজ শুরু করার পর অসুস্থতার কারণে বেশ কিছুদিন অনুপস্থিত থাকতে হয়েছিল সাজিদকে। এরপরও অধ্যবসায়, একাগ্রতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে মাত্র চার মাসের মধ্যেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করার কৃতিত্ব অর্জন করে সে।
সাজিদের এই সাফল্যে পরিবার ও মাদ্রাসার শিক্ষকরা আনন্দিত। তার এমন অসাধারণ কৃতিত্বের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও প্রশংসা ও আগ্রহ তৈরি হয়।
ফুলেল শুভেচ্ছায় সাজিদ
গত ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে হিফজ সম্পন্ন করা হাফেজ মো. সাজিদুর রহমান সাজিদকে ফুলেল শুভেচ্ছা জানান আমুয়াকান্দা বাজার মসজিদ মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।
এ সময় তাঁরা সাজিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পবিত্র কোরআনের শিক্ষা জীবনে ধারণ করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তাকে উৎসাহ দেন।
মাত্র আট বছর বয়সে এত অল্প সময়ে কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করার ঘটনায় সাজিদ এখন মাদ্রাসার শিক্ষক, সহপাঠী ও স্থানীয় মানুষের কাছে অনুপ্রেরণার নাম।