
ছবি: সংগৃহীত
বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউতে অবস্থিত তাঁর নিজ বাসভবনের প্রধান ফটকের সামনের একটি গ্যাস রাইজারে এই দুর্ঘটনা ঘটে।
দুপুরে বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাত হলে মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের ডান পাশের দেয়াল ঘেঁষে থাকা গ্যাসলাইনের রাইজারে আগুন ধরে যায়।
একই সময়ে ওই এলাকার পাশের আরও দুটি ভবনের গ্যাসলাইনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বাসভবনের নিরাপত্তাপ্রহরী শফিকুল ইসলাম দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।